ওবামা-দালাই লামা বৈঠক চীনের কাছে জোরালো বার্তা পাঠাবে
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে দালাই লামার বৈঠক চীনের প্রতি এই ‘জোরালো সংকেত’ পাঠাবে যে, তিব্বত ইস্যুর সমাধানের সময় এসেছে। গতকাল মঙ্গলবার দালাই লামার একজন মুখপাত্র এ কথা বলেন।চীনের প্রতিবাদ ও সতর্কতা উপেক্ষা করে কাল বৃহস্পতিবার দালাই লামাকে হোয়াইট হাউসে স্বাগত জানানোর পরিকল্পনা করেছেন প্রেসিডেন্ট ওবামা। দালাই লামার মুখপাত্র তেনজিন তাকলহা বেইজিংয়ের ক্ষোভকে ‘প্রতিদিনকার বাগাড়ম্বর’ বলে নাকচ করে দিয়েছেন। তিনি বলেন, ‘চীন কী বলল, সেটা কোনো ব্যাপার নয়। আমাদের কাছে প্রধান ইস্যু হচ্ছে তিব্বতের ৬০ লাখ মানুষ ও তাদের কল্যাণ।’দালাই লামার মুখপাত্র বলেন, দালাই লামার সঙ্গে প্রেসিডেন্টের বৈঠক আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগের অভিব্যক্তির প্রকাশ। তিনি আরও বলেন, ‘এটা চীনের প্রতি জোরালো সংকেত পাঠাবে যে, একটি সমাধানে পৌঁছানোর জন্য আমাদের সঙ্গে তাঁদের কাজ করা প্রয়োজন।’গতকাল মঙ্গলবার নয়াদিল্লির উদ্দেশে ধর্মশালা ত্যাগ করার কথা দালাই লামার। আজ বুধবার সকালে তিনি ওয়াশিংটনের উদ্দেশে যাত্রা করবেন। এএফপি।