ওবামা নিজের চাকরি নিয়ে চিন্তিত: রমনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রে বেকারত্বের হার কমাতে না পারায় প্রেসিডেন্ট বারাক ওবামার কঠোর সমালোচনা করেছেন আগামী প্রেসিডেন্ট নির্বাচনে তাঁর প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী মিট রমনি।ওহাইও অঙ্গরাজ্যের বোলিং গ্রিন এলাকায় সমর্থকদের উদ্দেশে বক্তৃতা করতে গিয়ে প্রতিদ্বন্দ্বীর সমালোচনা করেন রমনি।রমনি বলেন, প্রেসিডেন্ট বেকারত্বের হার কমানোর ক্ষেত্রে চরম ব্যর্থতা দেখিয়েছেন। তিনি বেকারত্বের হার এখনো ৮ শতাংশের নিচে নামাতে পারেননি। সমর্থকদের উদ্দেশে রমনি বলেন, ‘আপনারা হয়তো ভাবছেন বেকারত্বের হার কমাতে প্রেসিডেন্ট সর্বোচ্চ চেষ্টা করবেন। কিন্তু আপনারা কি জানেন, গত ছয় মাসে এ জন্য কী কাজ করেছেন?’ রমনি বলেন, প্রেসিডেন্ট এ ছয় মাসে আগামী নির্বাচনী ব্যয়ের তহবিল গড়তে ১০০ জন তহবিল সংগ্রাহক জোগাড় করেছেন। আপনাদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা তাঁর কাছে গুরুত্বপূর্ণ নয়, তাঁর চাকরি টিকিয়ে রাখাই এখন তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর এ কারণেই আসন্ন নির্বাচনে পরাজিত হবেন ওবামা। বেকারত্বের হার কমিয়ে আনতে গত বছরের জানুয়ারিতে ২৬ সদস্যের প্রেসিডেনশিয়াল কাউন্সিল অন জবস অ্যান্ড কম্পিটিটিভনেস গঠন করেন ওবামা। যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক কোম্পানি জেনারেল ইলেকট্রিকের প্রধান জেফরি ইমেল্টকে ওই কাউন্সিলের প্রধান করা হয়। কিন্তু এ কাউন্সিল বেকারত্ব কমাতে তেমন ভূমিকা পালন করতে পারেনি।গত ছয় মাসে ওই কাউন্সিলের সঙ্গে ওবামা কোনো বৈঠকও করেননি বলে অভিযোগ করেন রমনি। হোয়াইট হাউসের মুখপাত্র জে কার্নে বলেন, সংশ্লিষ্ট কাউন্সিলের সঙ্গে প্রেসিডেন্টের বৈঠক না করার সুনির্দিষ্ট কারণ নেই। তবে তিনি অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির জন্য বিভিন্ন ব্যক্তির কাছ থেকে পরামর্শ নিচ্ছেন। এএফপি।