ওবামা পরিবারের আয় কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা পরিবারের আয় কমেছে। ২০১২ সালে আয় ছিল ছয় লাখ আট হাজার ডলার। ২০১৩ সালে তা কমে হয়েছে চার লাখ ৮১ হাজার ৯৮ ডলার। গতকাল শুক্রবার হোয়াইট হাউস থেকে প্রকাশিত আয়কর বিবরণী থেকে এসব তথ্য জানা গেছে।
আয় কমলেও নতুন নিয়মে বেশি কর দিতে হয়েছে ওবামা পরিবারকে। ২০১৩ সালের কর বিবরণী অনুযায়ী, বার্ষিক আয়ের ২০ দশমিক ৪ শতাংশ, অর্থাত্ ৯৮ হাজার ১৬৯ ডলার কর পরিশোধ করেছেন এই দম্পতি।
প্রেসিডেন্ট হিসেবে পাওয়া সম্মানী ছাড়াও নিজের লেখা বই বিক্রি থেকে আয় করেছেন ওবামা। তবে তাঁর লেখা ‘ড্রিম অব মাই ফাদার’ ও ‘ওডিসিটি অব হোপ’ বই দুটির বিক্রিতে ভাটা পড়েছে। এ কারণেই ২০১২ সালের তুলনায় ২০১৩ সালে ওবামার আয় কমেছে। আয় কমলেও নিজের করা আইনের কারণে তাঁকে আগের বছরের চেয়ে বেশি কর পরিশোধ করতে হয়েছে।
কর বিবরণীতে দেখা গেছে, জনহিতকর কাজে প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি ১২ দশমিক ৩ শতাংশ দান করেছেন। এর পরিমাণ ৫৯ হাজার ২৫১ ডলার।
২০১৩ সালে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের পরিবারের আয় ছিল চার লাখ সাত হাজার ডলার।