ওবামা-পুতিন ব্যক্তিগত দ্বন্দ্বে রুশ-মার্কিন সম্পর্কে অবনতি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভ্লাদিমির পুতিন
ভ্লাদিমির পুতিন

মার্কিন গোপন নজরদারির কার্যক্রম ফাঁসকারী এডওয়ার্ড স্নোডেন এবং সিরিয়া ইস্যুতে রুশ-মার্কিন সম্পর্ক ভালো যাচ্ছে না। এমনই এক পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রেসিডেন্ট চলতি সপ্তাহে মুখোমুখি হচ্ছেন। তখন দুই নেতার মধ্যে দৃশ্যমান ব্যক্তিগত রেষারেষি দুই দেশের নীতিগত দ্বন্দ্বকে আরও প্রকট করতে পারে।
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা জি-২০ সম্মেলনে যোগ দিতে কাল বৃহস্পতিবার রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে যাবেন। এর আগে ওবামার মস্কো সফরের কথা ছিল। তবে মানবাধিকার ইস্যু থেকে শুরু করে ভূ-রাজনৈতিক বিভিন্ন বিষয়ে ক্রেমলিন ও হোয়াইট হাউসের মধ্যে নীতিগত দ্বন্দ্বের জের ধরে ওবামা ওই সফর বাতিল করেন। ভ্লাদিমির পুতিন রুশ প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র-রাশিয়া সম্পর্কে বড় ধরনের পরিবর্তন এসেছে। সেন্ট পিটার্সবার্গে বিশ্বের উন্নত ও উন্নয়নশীল দেশগুলো যখন জি-২০ সম্মেলনের প্রস্তুতি নিচ্ছে, বিশ্লেষকেরা তখন রাশিয়া-যুক্তরাষ্ট্র সম্পর্কের গতি-প্রকৃতি নিয়ে ব্যস্ত। তাঁরা মনে করছেন, স্নায়ুযুদ্ধের পর দেশ দুটির সম্পর্কে এখন সবচেয়ে শোচনীয় অবস্থা বিরাজ করছে।
মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থা এনএসএর গোপন কার্যক্রমের খবর ফাঁস করে দেওয়া স্নোডেনকে রাশিয়া আশ্রয় দেওয়ার ঘোষণা দিলে নাখোশ হন মার্কিন কর্মকর্তারা। ওবামার মস্কো সফর বাতিল করার কারণ হিসেবে তাঁরা বলেছিলেন, অসংখ্য ইস্যুতে মতানৈক্যের কারণে ওই সফর বাতিল হয়েছে। তবে আসল কারণ দুটি—স্নোডেন ইস্যু এবং রাশিয়ার সিরিয়ার পক্ষ নেওয়া।
ওবামা ও পুতিনের মধ্যে ব্যক্তিগত সম্পর্কে অবনতির বিষয়টি গত জুনে উত্তর আয়ারল্যান্ডে জি-৮ সম্মেলনেই স্পষ্ট হয়ে ওঠে। তখন এই দুই নেতার যে ছবি প্রকাশিত হয়, তাতে তাঁদের আন্তরিকতাপূর্ণ অবস্থায় দেখা যায়নি। কয়েক সপ্তাহ আগে ওবামা ঘোষণা দেন, পুতিনের সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্ক খারাপ নয়। তবে একই সঙ্গে তিনি তখন ঠাট্টা করে পুতিনকে ‘শ্রেণীকক্ষের পেছনের বেঞ্চের বিষণ্ন বালক’ আখ্যা দেন। নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে বলেছে, ওবামার ওই মন্তব্যে ক্ষিপ্ত হয়েছেন পুতিন।

বারাক ওবামা
বারাক ওবামা

সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের রাশিয়া বিশেষজ্ঞ অ্যান্ড্রু কাচিনসের মতে, ‘একটি বিষয় স্পষ্ট, মার্কিন-রুশ নেতাদের মধ্যে ইতিহাসের সবচেয়ে খারাপ সম্পর্ক চলছে এখন। তৎকালীন সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন নেতাদের মধ্যে এর চেয়ে ভালো সম্পর্ক ছিল। আমার মনে হয়, পুতিন ও ওবামা কেউ কাউকেই পছন্দ করেন না।’
জি-২০ সম্মেলনকালে ওবামা-পুতিন মুখোমুখি বৈঠকের সম্ভাবনা নাকচ করে দিয়েছে হোয়াইট হাউস। তবে পরিস্থিতির কারণে সব নেতার সঙ্গে বৈঠকে একে অন্যের সঙ্গে কথা বলতে পারেন।
তবে পুতিন-ওবামা উভয়ই অভিজ্ঞ রাজনীতিক। তাঁরা নিজেদের দেশের স্বার্থে কাজ করবেন। তাই এ অবস্থার পরিবর্তন আসা অসম্ভব কিছু নয় বলে মনে করেন ব্রুকিংস ইনস্টিটিউশনের গবেষক স্টিভেন পিফার।