ওবামা-রমনি লড়াই হবে হাড্ডাহাড্ডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়া প্রায় নিশ্চিত হয়ে গেছে মিট রমনির। তবে দলে অবস্থান নিশ্চিত হলেও মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ওবামার বিরুদ্ধে কঠিন লড়াইয়ের মুখোমুখি হতে হবে তাঁকে। নিউইয়র্ক টাইমস ও সিবিএস নিউজ পরিচালিত সর্বশেষ জনমত জরিপে এমনই চিত্র উঠে এসেছে।জরিপের ফলাফল দেখা গেছে, নিবন্ধিত ভোটাররা ওবামা ও রমনির মধ্যে বিভক্ত হয়ে পড়েছেন। ভোটারদের ৪৬ শতাংশ করে ওবামা ও রমনিকে সমর্থন করেন। গত মাসে টাইমস ও সিবিএস নিউজের আরেক জরিপেও উভয়ের প্রতি জনসমর্থন ছিল কাছাকাছি। ওই জরিপে ৪৭ শতাংশ নিবন্ধিত ভোটার সমর্থন দেন ওবামাকে, আর রমনির প্রতি ছিল ৪৪ শতাংশ সমর্থন।রিপাবলিকান পার্টির প্রাথমিক বাছাইয়ে ভোটা দেওয়া সমর্থকদের ৫৪ শতাংশ এখন বলছেন, তাঁরা রমনিকে দলের প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে দেখতে ইচ্ছুক। এই অংশে কট্টরপন্থী খ্রিষ্টান ভোটারদের বড় অংশ রয়েছে। তাঁরা ছিলেন রিক স্যান্টোরামের গোঁড়া সমর্থক। রিপাবলিকান পার্টির অন্য দুই প্রেসিডেন্ট প্রার্থী নিউট গিংরিচ ও রন পলের পক্ষে দলে সমর্থনের হার যথাক্রমে ২০ ও ১২ শতাংশ। রমনি এখনো পর্যন্ত (প্রাইমারি ও ককাসে) নিজ পার্টির অধিকাংশ ভোটারের সমর্থন লাভ করলেও জনমত জরিপে দেখা যায়, তাঁর প্রেসিডেন্ট প্রার্থিতার পক্ষে দলের অনেকেরই প্রবল উৎসাহের অভাব রয়েছে। এই ভোটারদের প্রতি তিনজনের একজন বলেন, তাঁরা আগামী নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে রমনিকে দৃঢ়ভাবে সমর্থন দেবেন। ১০ জনের চারজন বলেন, তাঁরা রমনিকে সমর্থন দেবেন, কিন্তু তা শর্তসাপেক্ষে। অন্যদিকে ১৮ শতাংশ বলেন, তাঁরা দলের প্রার্থী হওয়ার কারণেই কেবল রমনিকে সমর্থন দেবেন। ৮ শতাংশ তাঁকে সমর্থন দেবেন না বলে জানান। পাশাপাশি এসব ভোটারের ৬৩ শতাংশ স্যান্টোরাম প্রার্থী বাছাইয়ের দৌড় থেকে নিজেকে সরিয়ে সঠিক কাজ করেছেন বলে মন্তব্য করেন। এঁদের অধিকাংশই কট্টরপন্থী খ্রিষ্টান। নিউইয়র্ক টাইমস।