মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে দুই প্রার্থী বারাক ওবামা ও মিট রমনির মধ্যে শেষ মুখোমুখি বিতর্কের আগে প্রকাশিত জনমত জরিপে দুই প্রার্থীই সমান সমর্থন পেয়েছেন। এনবিসি ও ওয়াল স্ট্রিট জার্নাল যৌথভাবে এ জরিপ করেছে। গত রোববার এ জরিপ চালানো হয়। ডেমোক্রেটিক পার্টির প্রার্থী ওবামা ও রিপাবলিকান পার্টির প্রার্থী রমনি বাংলাদেশ সময় আজ মঙ্গলবার সকালে (স্থানীয় সময় গতকাল রাত নয়টা) তৃতীয় ও শেষ বিতর্কে মুখোমুখি হচ্ছেন। এনবিসি ও ওয়াল স্ট্রিট জার্নাল-এর সর্বশেষ জরিপে দেখা যায়, দুই প্রার্থীর পক্ষেই ৪৭ শতাংশ সমর্থন রয়েছে। তবে এনবিসি ও ওয়াল স্ট্রিট জার্নাল-এর সর্বশেষ জরিপে আগের চেয়ে রমনির পক্ষে সমর্থন বেড়েছে ৫ শতাংশ। গত জরিপে রমনির প্রতি ৪২ শতাংশ এবং ওবামার প্রতি ৪৯ শতাংশ সমর্থন ছিল।বিশ্লেষকেরা বলছেন, রমনি প্রথম বিতর্কে জয়ী হওয়ার পর জনসমর্থনের দিক থেকে ওবামাকে ছাড়িয়ে যেতে শুরু করেন। তবে দ্বিতীয় বিতর্কে জিতে ওবামা সেই গতি কমাতে সক্ষম হয়েছেন। এই জরিপের ফলে যেন সেটাই উঠে এসেছে।বিতর্কে মধ্যপ্রাচ্য, চীন ও রাশিয়া প্রসঙ্গে মার্কিন পররাষ্ট্রনীতিই বেশির ভাগ সময় দখল করে নেবে বলে ধারণা করছেন বিশ্লেষকেরা। তবে কারও কারও মতে, সোমবারের বিতর্কের মূল কেন্দ্রবিন্দু হবে ইরান। ফ্লোরিডা অঙ্গরাজ্যের বোকা রাটো এলাকার লিন বিশ্ববিদ্যালয়ে দুই প্রার্থীর ৯০ মিনিটের বিতর্কে সঞ্চালকের ভূমিকায় থাকবেন সিবিএসের ‘ফেস অব দ্য নেশন’ অনুষ্ঠানের উপস্থাপক বব সিফার। এতে দুই প্রার্থী মূলত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি নিয়েই বিতর্ক করবেন। আগামী ৬ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এএফপি।