যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আর বাকি ৩৩ দিন। এরপর ডেমোক্রেটিক পার্টির বারাক ওবামা, নাকি রিপাবলিকান পার্টির প্রার্থী মিট রমনির ভাগ্যে হোয়াইট হাউসে বসার শিকে ছিঁড়বে, তা নির্ধারিত হয়ে যাবে। নির্বাচনী ওই লড়াই সামনে রেখে আপাতত বিতর্কের লড়াইয়ে প্রথমবারের মতো মুখোমুখি হতে চলেছেন এই দুই প্রতিদ্বন্দ্বী। প্রথম বিতর্কটি অনুষ্ঠিত হচ্ছে কলোরাডো অঙ্গরাজ্যের ইউনিভার্সিটি অব ডেনভারে। বাংলাদেশ সময় আজ বৃহস্পতিবার সকালে (স্থানীয় সময় গতকাল বুধবার রাত নয়টা) বিতর্ক শুরু হচ্ছে।এদিকে বিতর্ক শুরুর আগে পরিচালিত কয়েকটি জাতীয় জনমত জরিপে ওবামাকে রমনির চেয়ে কাছাকাছি ব্যবধানে এগিয়ে থাকতে দেখা গেছে।নির্বাচনের আগে তিনবার মুখোমুখি বিতর্কের লড়াইয়ে নামবেন বারাক ওবামা ও মিট রমনি। আসন্ন নির্বাচনে ভোটারদের মন কাড়তে এই বিতর্ককে বিশেষ গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।বিশ্লেষকদের মতে, জনমত জরিপের ফলাফলে রমনির চেয়ে অল্প ব্যবধানে এগিয়ে থাকা প্রেসিডেন্ট ওবামা ভোটারদের সমর্থনের এই শক্তিটুকু পুঁজি করেই ডেনভারের আজকের বিতর্ক মঞ্চে হাজির হচ্ছেন। দেশের নাজুক অর্থনীতি পুনরুদ্ধারের প্রচেষ্টা নিয়ে ওবামা বিরোধী পক্ষের যে কড়া সমালোচনার সম্মুখীন, বিতর্কে সে বিষয়ে আত্মপক্ষ সমর্থন করেই মূলত বক্তব্য দেবেন তিনি। আগামী নির্বাচনে তিনি যদি জেতেন, তবে সেটি হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর একজন ডেমোক্রেটিক পার্টির প্রার্থীর দ্বিতীয় দফায় জয়ী হওয়ার দ্বিতীয় ঘটনা।অন্যদিকে, নির্বাচনের ফল নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত অঙ্গরাজ্যগুলোর প্রায় সব কটিতে জনমত জরিপে পিছিয়ে থাকা রিপাবলিকান প্রার্থী মিট রমনি গতি ফিরে পেতে নির্বাচনী লড়াইয়ে বড় ধরনের কোনো পরিবর্তনের আশায় রয়েছেন, দৃশ্যত যা তাঁর হাতছাড়া হতে চলেছে।জনপ্রিয় উপস্থাপক জিম লেহরারের সঞ্চালনায় বিতর্ক অনুষ্ঠানটি টেলিভিশনের পর্দায় উপভোগ করবেন কোটি কোটি দর্শক। অনুষ্ঠানে দেশের অর্থনীতি ছাড়াও জাতীয় নিরাপত্তা ও সন্ত্রাসবিরোধী লড়াই, স্বাস্থ্যসেবা, গর্ভপাত, জ্বালানিশক্তির ব্যবহার—এমন স্পর্শকাতর নানা অভ্যন্তরীণ বিষয় এবং ইরান ও আফগানিস্তানের মতো আন্তর্জাতিক বিষয়ে দুই পক্ষ জোর বিতর্কে জড়িয়ে পড়বেন বলে মনে করছেন বিশ্লেষকেরা।লিবিয়ার বেনগাজিতে গত ১১ সেপ্টেম্বর মার্কিন কনস্যুলেটে হামলার ঘটনায় প্রেসিডেন্ট ওবামা তাঁর প্রশাসনের ভূমিকা নিয়ে কঠিন জেরার সম্মুখীন হতে পারেন। আর সাবেক পুঁজিবাদী উদ্যোক্তা ও ধনকুবের মিট রমনি কর ব্যবস্থাপনা-সংক্রান্ত তাঁর নীতি নিয়ে তোপের মুখে পড়তে পারেন। ডেমোক্র্যাটরা ইতিমধ্যে করসংক্রান্ত তাঁর নীতিকে মধ্যবিত্ত মার্কিনিদের স্বার্থপরিপন্থী বলে তুলে ধরেছেন।গত মঙ্গলবার বিতর্কের প্রস্তুতি নিয়ে এক প্রশ্নের জবাবে রমনি জানান, তিনি বিতর্কের জন্য তৈরি। তবে এ নিয়ে প্রশ্ন এড়িয়ে যান ওবামা। এই মুহূর্তে উভয়ই যে জনগণকে প্রতিশ্রুতি দেওয়ার এক উন্মত্ত খেলার প্রস্তুতি নিতে নিজেদের ব্যস্ত রেখেছেন, তাতে কোনো সন্দেহ পোষণ করছেন না বিশ্লেষকেরা।বিতর্ক শুরুর আগে কয়েকটি জরিপে ওবামা রমনির চেয়ে সামান্য পয়েন্টে এগিয়ে থাকলেও তাঁদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার আভাস পাওয়া গেছে। ওয়াল স্ট্রিট জার্নাল-এনবিসি নিউজের সাম্প্রতিক জরিপের ফলাফলে দোদুল্যমান ভোটারদের ৪৯ শতাংশ ওবামা ও ৪৬ শতাংশ রমনির সমর্থনে দেখানো হয়েছে। এই ফলাফলের সঙ্গে রিয়াল ক্লিয়ার পলিটিকসের জরিপেরও সাদৃশ্য পাওয়া যায়। তাদের জরিপে ওবামা ৩ দশমিক ৫ শতাংশ ভোটে এগিয়ে আছেন। এএফপি ও বিবিসি।