ওবামা-রমনির শেষ বিতর্ক আজ, প্রাধান্য পাবে পররাষ্ট্রনীতি
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে দুই প্রার্থী বারাক ওবামা ও মিট রমনি যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় আজ সোমবার রাতে তৃতীয় ও শেষ বিতর্কে মুখোমুখি হচ্ছেন। ফ্লোরিডা অঙ্গরাজ্যের বোকা রাটো এলাকার লিন বিশ্ববিদ্যালয়ে স্থানীয় সময় সোমবার রাত নয়টায় দুই প্রার্থীর বিতর্ক শুরু হবে। ৯০ মিনিটের এই বিতর্কে সঞ্চালকের ভূমিকায় থাকবেন সিবিএসের ফেস অব দ্য ন্যাশন অনুষ্ঠানের উপস্থাপক বব সিফার। এতে দুই প্রার্থী মূলত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি নিয়েই বিতর্ক করবেন।তৃতীয় ও শেষ এই বিতর্ক দুই প্রার্থীর কাছেই গুরুত্বপূর্ণ। মুখোমুখি অবস্থানে থেকে নিজের নীতির পক্ষে যুক্তি উপস্থাপন ও প্রতিপক্ষের যুক্তি খণ্ডন করে ভোটারদের আকৃষ্ট করতে এটাই তাঁদের শেষ সুযোগ। ৩ অক্টোবর অনুষ্ঠিত প্রথম বিতর্কে জয় পান রমনি। গত মঙ্গলবার অনুষ্ঠিত দ্বিতীয় বিতর্কে জয়ী হন ওবামা।শেষ বিতর্কে মধ্যপ্রাচ্য, চীন ও রাশিয়া প্রসঙ্গে মার্কিন পররাষ্ট্রনীতিই বেশির ভাগ সময় দখল করে নেবে বলে ধারণা করছেন বিশ্লেষকেরা। এএফপি।