ওবামা-রুহানি ঐতিহাসিক ফোনালাপ

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির সঙ্গে কথা বললেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। শুক্রবার তাঁদের টেলিফোনে কথা হয়। ১৯৭৯ সালে ইসলামি বিপ্লবের পর ইরানের কোনো প্রেসিডেন্টের সঙ্গে কোনো মার্কিন প্রেসিডেন্টের এটাই প্রথম সরাসরি যোগাযোগ। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেওয়ার পর তেহরানের উদ্দেশে নিউইয়র্ক ছাড়ার আগে ওবামার সঙ্গে ফোনে কথা বলার আগ্রহ প্রকাশ করেছিলেন রুহানি। তাঁর এই আগ্রহের প্রেক্ষাপটে হোয়াইট হাউস দ্রুত দুই নেতার মধ্যে ফোনালাপের ব্যবস্থা করে বলে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন। এর আগে জাতিসংঘে দুই নেতার মধ্যে করমর্দনের সম্ভাবনা নিয়ে বিভিন্ন মহলে ব্যাপক প্রত্যাশার সৃষ্টি হয়েছিল। রুহানি ও ওবামা ফোনে প্রায় ১৫ মিনিট কথা বলেন। তাঁদের আলোচনাকে আন্তরিক বলে আখ্যায়িত করেছে হোয়াইট হাউস। এক বিবৃতিতে ওবামা বলেছেন, ‘একটুক্ষণ আগে আমি ফোনে ইরানের প্রেসিডেন্ট রুহানির সঙ্গে কথা বলেছি। ইরানের পারমাণবিক প্রকল্প বিষয়ে সমঝোতায় পৌঁছার ব্যাপারে আমাদের সাম্প্রতিক প্রচেষ্টার কথা আলোচনা করেছি।’ ওবামা বলেন, ‘১৯৭৯ সালের পর এই প্রথম কোনো ইরানি প্রেসিডেন্টের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের কথা হলো। এই ফোনালাপ ইঙ্গিত দেয় যে, পরিবর্তন শুরু হয়েছে।’ ইরানের পক্ষ থেকেও এই ফোনালাপকে ইতিবাচক বলে উল্লেখ করা হয়েছে। ইসলামী বিপ্লবের পর ইসলামপন্থীরা তেহরানে মার্কিন দূতাবাস দীর্ঘদিন অবরোধ করে রেখেছিল। এরপর দুই দেশের সম্পর্কে তিক্ততা ক্রমেই বেড়েছে। গত মঙ্গলবার জাতিসংঘে দেওয়া ভাষণে রুহানি বলেছিলেন, ইরান তার পারমাণবিক কর্মসূচি নিয়ে ফলপ্রসূ সংলাপের জন্য প্রস্তুত। এদিকে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট রুহানির ‘আপসমূলক’ অবস্থান ও বক্তব্যের জন্য দেশে কারও কারও মধ্যে বিরূপ প্রতিক্রিয়া হয়েছে। রুহানি গতকাল তেহরানে ফিরলে প্রতিবাদকারীদের অনেকে তাঁর দিকে জুতা ছুড়ে মারে। এএফপি ও বিবিসি।