ওবামা সব ধরনের চরবৃত্তির নির্দেশ দেননি: জন কেরি

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ব্যক্তিগতভাবে সব ধরনের গুপ্তচরবৃত্তি করতে গোয়েন্দাদের নির্দেশ দেননি। তিনি যে জাতীয় নিরাপত্তা সংস্থাকে এমন নির্দেশ দেননি, তা অন্য দেশের পররাষ্ট্রমন্ত্রীরা জানেন। সংযুক্ত আরব আমিরাত সফরকালে তিনি বিবিসিকে এ কথা বলেন।
আজ মঙ্গলবার টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, সাম্প্রতিক সময়ে মার্কিন গোয়েন্দাদের গুপ্তচরবৃত্তি নিয়ে যে বিতর্কের সৃষ্টি হয়েছে, বিদেশি পররাষ্ট্রমন্ত্রীরা প্রকৃত ব্যাপারটি অনুধাবন করতে পেরেছেন বলে মনে করেন জন কেরি। একই সঙ্গে তাঁরা এটাও জানেন যে ওবামা প্রশাসন এ অবস্থা উত্তরণে পথ খুঁজছে।
সম্প্রতি খবর প্রকাশিত হয়, মার্কিন গোয়েন্দারা জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের ফোনে আড়ি পেতেছে। এ ছাড়া ইউরোপের অনেক দেশের রাষ্ট্রীয় শীর্ষ ব্যক্তিত্বদের তথ্য জানতে মার্কিন গোয়েন্দারা ফোনে আড়ি পেতেছে—এমন খবর প্রকাশিত হলে বিশ্বব্যাপী নিন্দার ঝড় ওঠে।