ওবামা-হিলারির সন্ধান দিলে উট-মুরগি পুরস্কার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট সোমালিয়ার জঙ্গি আল-শাবাবের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দিতে পারলে তিন কোটি ৩০ লাখ মার্কিন ডলার পুরস্কার দেওয়া হবে বলে কয়েক দিন আগে বারাক ওবামা প্রশাসন ঘোষণা দিয়েছিল। এবার যুক্তরাষ্ট্রকে উপহাস করে আল-শাবাব মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের সন্ধানদাতাদের জন্য পুরস্কার ঘোষণা করেছে।শাবাব আল-মুজাহিদিন মুভমেন্টের প্রধান ফুয়াদ মুহাম্মদ খালাফ গত শুক্রবার জুমার নামাজের পর এ পুরস্কার ঘোষণা দেন। ওই ঘোষণায় ফুয়াদ মুহাম্মদ খালাফ বলেন, ‘যে ব্যক্তি নির্বোধ ওবামার গোপন অবস্থানের খোঁজ দেবে, তাকে ১০টি উট দেওয়া হবে। আর বৃদ্ধা হিলারি ক্লিনটনের সন্ধানদাতাকে ১০টি মুরগির বাচ্চা ও ১০টি মোরগ দেওয়া হবে।’আল-শাবাবের ওয়েবসাইটে খালাফ বলেন, ‘আমি আপনাদের আশ্বস্ত করতে পারি, যুক্তরাষ্ট্র এ ধরনের পুরস্কার ঘোষণা দিলেও তাদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ থেকে বিরত রাখতে পারবে না।’গত বৃহস্পতিবার মার্কিন প্রতিরক্ষা বিভাগ আল শাবাবের প্রধান খালাফসহ ওই জঙ্গিগোষ্ঠীর সাতজনের ব্যাপারে তথ্য দিতে ওই পুরস্কার ঘোষণা করেছিল। এই গোষ্ঠীর নেতাদের ধরিয়ে দিতে বা তাদের ব্যাপারে সন্ধান দিতে এই প্রথম যুক্তরাষ্ট্র পুরস্কার ঘোষণা করল। এই গোষ্ঠীর বিরুদ্ধে সোমালিয়া, উগান্ডা ও কেনিয়ায় সন্ত্রাসী হামলা চালানোর অভিযোগ রয়েছে।জঙ্গি গোষ্ঠীটির নেতাদের ধরতে মার্কিন যুক্তরাষ্ট্র যে লাখ লাখ ডলারের পুরস্কার ঘোষণা করেছে, সেটাকে ব্যঙ্গ করতেই তারা এ পদক্ষেপ নিয়েছে। রয়টার্স।