ওবামা ২৭ জানুয়ারি স্টেট অব দি ইউনিয়ন ভাষণ দেবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ২৭ জানুয়ারি স্টেট অব দি ইউনিয়ন ভাষণ দেবেন। হোয়াইট হাউসের তরফ থেকে গত সোমবার এ কথা জানানো হয়েছে।হোয়াইট হাউসের মুখপাত্র বলেছেন, ‘প্রেসিডেন্ট ওবামা ২৭ জানুয়ারি বুধবার ২০১০ সালের স্টেট অব দি ইউনিয়ন ভাষণ দেবেন। এ ভাষণ জাতীয় টেলিভিশন ও হোয়াইট হাউসের ওয়েবসাইটে সরাসরি সম্প্রচার করা হবে।’ খবর পিটিআইয়ের।২০০৯ সালের জানুয়ারিতে ক্ষমতা গ্রহণের পর থেকে গত এক বছরে অনেকটা কঠিন সময় পার করেছেন প্রেসিডেন্ট ওবামা। বিশেষ করে অর্থনৈতিক মন্দার কারণে দেশের ভেতরে বেকারত্বের ক্রমবর্ধমান বৃদ্ধির চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছে তাঁকে। এ কারণে জনমত জরিপে তাঁর সমর্থনেও ধস নেমেছে। তবে স্বাস্থ্যসেবা বিল অনুমোদনের মাধ্যমে সাধারণ মার্কিনিদের কাছে জনপ্রিয়তা ধরে রাখতে পেরেছেন তিনি।ডেমোক্র্যাট সমর্থকেরা বলেন, যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক দুরবস্থা সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের আমল থেকেই শুরু হয়। প্রেসিডেন্ট ওবামা সেই দুরবস্থা কাটিয়ে ওঠার চেষ্টা করছেন। তবে রিপাবলিকানরা প্রেসিডেন্ট ওবামাকে ‘জব কিলিং প্রেসিডেন্ট’ হিসেবে অভিহিত করে বলেন, যুক্তরাষ্ট্রের দুর্বল অর্থনীতিকে আরও শোচনীয় অবস্থায় নিয়ে যাওয়ার জন্য তিনিই দায়ী।অনেক বিশেষজ্ঞ বলেছেন, মার্কিন ভঙ্গুর অর্থনীতিকে পুনরুদ্ধার করতে পারলেই ওবামার ভবিষ্যত্ উজ্জ্বল।