ওবামাকে ই-মেইলে হুমকি, যুক্তরাষ্ট্রে একজন গ্রেপ্তার
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে ই-মেইলে হুমকি দেওয়ার অভিযোগে যুক্তরাষ্ট্রে এক ব্যক্তিকে সশস্ত্র অবস্থায় গ্রেপ্তার করা হয়েছে। দেশের পশ্চিমাঞ্চলীয় সিয়াটল শহরতলির একটি বাড়ি থেকে তাঁকে গত মঙ্গলবার গ্রেপ্তার করা হয়।ওয়াশিংটন অঙ্গরাজ্যে সরকারি আইনজীবীর দপ্তরের মুখপাত্র এমিলি ল্যাংলি বলেন, প্রেসিডেন্ট ওবামাকে হুমকি দিয়ে ওই ব্যক্তি একটি ই-মেইল পাঠিয়েছিলেন। গোয়েন্দা ও স্থানীয় পুলিশ ওই ব্যক্তির খোঁজে তল্লাশি চালায়। পুলিশ ওই ব্যক্তির অ্যাপার্টমেন্ট থেকে দুটি অস্ত্র জব্দ করে। প্রেসিডেন্ট ওবামাকে কী হুমকি দেওয়া হয়েছিল—সে সম্পর্কে কিছু জানানো হয়নি। তিনি নির্বাচনী প্রচারের কাজে মঙ্গলবার ওহাইও অঙ্গরাজ্যে গিয়েছিলেন। তাঁকে এ পর্যন্ত একাধিকবার হুমকি দেওয়া হয়েছে। ওস্কার রামিরো ওরতেগা-হার্নান্দেজ নামের এক ব্যক্তি হোয়াইট হাউস লক্ষ্য করে গত নভেম্বরে গুলি চালান বলে অভিযোগ আনা হয়। তবে ওই ঘটনার সময় ওবামা ও তাঁর স্ত্রী মিশেল ক্যালিফোর্নিয়ায় ছিলেন। ২০০৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার পর থেকে ওবামাকে বিশেষ নিরাপত্তা দেওয়া হচ্ছে। এএফপি।