ওবামাকে উপহাস করলেন জাওয়াহিরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তান যুদ্ধে জয়ী হওয়ার ব্যাপারে আত্মবিশ্বাস ব্যক্ত করায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামাকে উপহাস করেছেন আল-কায়েদার দ্বিতীয় শীর্ষ নেতা আইমান আল জাওয়াহিরি। একই সঙ্গে তিনি গাজা ভূখণ্ড অবরোধে ইসরায়েলকে সহায়তাকারী আরব নেতাদের সমালোচনা করে তাঁদের ‘জায়নবাদী’ বলে অভিহিত করেছেন। আল-কায়েদার ওয়েবসাইটে এক অডিও বার্তায় জাওয়াহিরি এসব কথা বলেছেন। তিনি বলেন, পশ্চিমাদের মিত্র আরব দেশগুলোর নেতারা ফিলিস্তিনিদের জন্য ইসরায়েলের চেয়েও বেশি বিপজ্জনক। গতকাল সোমবার এই অডিওবার্তাটি সম্প্রচার করা হয়।জাওয়াহিরি বলেন, ‘বেচারা ওবামা কাবুলে এসে প্রতিশ্রুতি দিলেন তালেবানেরা আর ক্ষমতায় ফিরবে না...আরে হতভাগা, তুমি কি বলতে পার যে তোমার দলবল নিরাপদে যুক্তরাষ্ট্রে ফিরে যেতে পারবে?’প্রেসিডেন্ট হিসেবে বারাক ওবামা গত মার্চে প্রথমবারের মতো আফগানিস্তান সফর করেন। সেখানে মার্কিন সেনাদের উদ্দেশে এক ভাষণে তিনি বলেছিলেন, তিনি নিশ্চিত, আফগানিস্তান যুদ্ধ সফল হবে।গাজার সঙ্গে মিসরের সীমান্ত বন্ধ করে দেওয়ার জন্য প্রেসিডেন্ট হোসনি মোবারককে দায়ী করে জাওয়াহিরি বলেন, ‘সীমান্ত বন্ধ করার মধ্য দিয়ে হোসনি মোবারক গাজা ভূখণ্ড অবরোধ করতে ইসরায়েলকে সাহায্য করেছেন। গাজায় আমাদের লোকজনকে কে অবরুদ্ধ করে রেখেছে। তিনি কি হোসনি মোবারক নন?’জর্ডানের বাদশা দ্বিতীয় আবদুল্লাহ, সৌদি বাদশা আবদুল্লাহ ও ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সমালোচনা করে জাওয়াহিরি এই তিন নেতাকেই ‘জায়নবাদী’ বলেছেন। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গোয়েন্দা সংস্থাকে কে সহায়তা দিচ্ছেন। তিনি কি জর্ডানের বিশ্বাসঘাতক রাজা হুসেনের উত্তরাধিকারী আবদুল্লাহ নন?’ সৌদি আরবের মধ্যস্থতায় মধ্যপ্রাচ্য শান্তিপ্রক্রিয়ার সমালোচনা করে জাওয়াহিরি বলেন, ‘ফিলিস্তিনের অধিকাংশ ভূখণ্ড ইহুদিদের কাছে দিয়ে দিতে কারা রাজি হয়েছিল। ইহুদিদের সঙ্গে সমঝোতার মাধ্যমে কি শরণার্থী সমস্যার সমাধান সম্ভব? এই লজ্জাজনক পদক্ষেপের উদ্যোক্তা কি আরব নেতারা নন?’ ইরাকে নিহত দুজন আল-কায়েদা নেতার প্রশংসা করে গত মার্চে একটি অডিও টেপ প্রচার করার পর এটাই হচ্ছে জাওয়াহিরির প্রথম অডিওবার্তা। যুক্তরাষ্ট্র সরকার তাঁর মাথার দাম আড়াই কোটি মার্কিন ডলার ঘোষণা করেছে। আফগানিস্তান ও পাকিস্তান সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় তিনি আত্মগোপন করে আছেন বলে ধারণা করা হচ্ছে। এএফপি ও রয়টার্স।