ওবামাকে উপেক্ষা, ক্রিমিয়ায় রাশিয়ার আরও সেনা সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউক্রেনের সেভাস্তোপোল এলাকা দিয়ে ক্রিমিয়ার সিমফেরোপোলের দিকে যাচ্ছে রাশিয়ার সাঁজোয়া যান। আজ সেখানে নতুন করে এক হাজার সেনা পাঠিয়েছে রাশিয়া। ছবি : রয়টার্স
ইউক্রেনের সেভাস্তোপোল এলাকা দিয়ে ক্রিমিয়ার সিমফেরোপোলের দিকে যাচ্ছে রাশিয়ার সাঁজোয়া যান। আজ সেখানে নতুন করে এক হাজার সেনা পাঠিয়েছে রাশিয়া। ছবি : রয়টার্স

গতকাল শুক্রবার ‘সশস্ত্র’ আগ্রাসনের পর আজ শনিবার রাশিয়া নতুন করে ক্রিমিয়ায় এক হাজার সেনা পাঠিয়েছে বলে অভিযোগ করেছে ইউক্রেন সরকার। এএফপির বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়ার খবরে এ কথা জানানো হয়।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সতর্কবাণী উচ্চারণ করে বলেছেন, ইউক্রেনে কোনো ধরনের সামরিক হস্তক্ষেপ করলে রাশিয়াকে মাসুল দিতে হবে।

এর আগে ইউক্রেন সরকার গতকাল অভিযোগ করে বলে, ক্রিমিয়ার দুটি বিমানবন্দর দখল করে নিয়েছিল রাশিয়ার বাহিনী। তবে পুনরায় বিমানবন্দর দুটি নিজেদের নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়েছে ইউক্রেনের বাহিনী। এ অবস্থায় দেশের ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় নিশ্চয়তা দিতে পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে ইউক্রেনের নতুন সরকার।

ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ইগর তেনইয়ুখ আজ মন্ত্রিসভার বৈঠকে বলেন, রাশিয়ার সশস্ত্র বাহিনী আজ ক্রিমিয়ায় নতুন করে ৩০টি সাঁজোয়া যান ও আরও ছয় হাজার বাড়তি সেনাসদস্য পাঠিয়েছে। তিনি বলেন, ক্রিমিয়ায় রাশিয়াপন্থী সশস্ত্র একটি বিদ্রোহী গোষ্ঠী রয়েছে, যারা ইউক্রেনের নতুন সরকারের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীন অঞ্চল প্রতিষ্ঠা করতে চায়। তাদের সহায়তা করতেই রাশিয়া এই আগ্রাসন চালাচ্ছে বলে মন্তব্য করেন ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী।


প্রতিরক্ষামন্ত্রী তেনইয়ুখ অভিযোগ করে বলেন, ইউক্রেনকে কোনো ধরনের সতর্ক করা ছাড়াই রাশিয়া এ কাজ করেছে।
গত সপ্তাহে ইউক্রেনের সাবেক প্রেসিডেন্ট ভিক্তর ইয়ানুকোভিচ ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার সম্পর্কের ব্যাপক অবনতি হয়। রুশ ভাষাভাষীদের অধ্যুষিত ক্রিমিয়ার পার্লামেন্ট ভবন, সরকারি দপ্তর ও সর্বশেষ দুটি বিমানবন্দর দখলের ঘটনায় দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায়।

এদিকে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে গতকাল মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, ইউক্রেনের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা লঙ্ঘন গভীর অস্থিতিশীলতা তৈরি করবে।
এটা ইউক্রেন, রাশিয়া বা ইউরোপের স্বার্থে যাবে না। ইউক্রেনে কোনো ধরনের সামরিক হস্তক্ষেপ হলে তার জন্য মূল্য গুনতে হবে বলে হুঁশিয়ার করেন ওবামা।