ওবামাকে ড্রোন নিয়ে উদ্বেগ জানাল মালালা

মার্কিন ড্রোন হামলার বিষয়ে নিজের উদ্বেগের কথা প্রেসিডেন্ট বারাক ওবামাকে জানিয়েছে পাকিস্তানের নারীশিক্ষা আন্দোলনের কর্মী মালালা ইউসুফজাই। গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্টের দপ্তর ওভাল অফিসে ওবামার সঙ্গে সাক্ষাৎ করে মালালা।
মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতের পর এক বিবৃতিতে মালালা বলে, ‘যুক্তরাষ্ট্র পাকিস্তানের শিক্ষা কার্যক্রম এবং আফগানিস্তান ও সিরিয়ার শরণার্থীদের জন্য কাজ করে যাচ্ছে। এ জন্য আমি প্রেসিডেন্ট ওবামাকে ধন্যবাদ জানিয়েছি। পাকিস্তানে মার্কিন ড্রোন হামলা যে সন্ত্রাসবাদকেই উসকে দিচ্ছে, সে ব্যাপারে আমার উদ্বেগের কথাও জানিয়েছি তাঁকে।’
বিবৃতিতে দুই পুরোনো মিত্র পাকিস্তান ও যুক্তরাষ্ট্র সরকারের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানায় মালালা। এতে সে বলে, শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া একজন মার্কিন প্রেসিডেন্টের সাক্ষাৎ পাওয়ায় নিজেকে সম্মানিত বোধ করছে।
হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়, ওবামা ও ফার্স্ট লেডি মিশেল ওভাল অফিসে মালালাকে স্বাগত জানান। তাঁরা পাকিস্তানের কন্যাশিশুদের জন্য ‘উৎসাহব্যঞ্জক ও আবেগপূর্ণ’ কাজ করায় মালালার প্রশংসা করেন। ডন।