ওবামাকে ধরিয়ে দিলে এক কোটি পাউন্ড!
যুক্তরাজ্যের লেবার পার্টির সদস্য ও ব্রিটিশ পার্লামেন্টের উচ্চকক্ষের সদস্য লর্ড আহমেদের (৫৩) সদস্যপদ স্থগিত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও তাঁর পূর্বসূরি সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশকে ধরিয়ে দেওয়ার জন্য এক কোটি পাউন্ড দেওয়ার কথা ঘোষণা করেন। দ্য এক্সপ্রেস ট্রিবিউন-এ প্রকাশিত খবরে এ কথা জানা যায়। পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক লর্ড আহমেদ ১৯৯৮ সালে প্রথম মুসলিম হিসেবে লেবার পার্টির আজীবন সদস্যপদ লাভ করেন। পাকিস্তানের হরিপুরে এক সংবাদ সম্মেলনে তিনি ওবামা ও বুশকে ধরিয়ে দেওয়ার জন্য ওই পুরস্কার ঘোষণা করেন বলে অভিযোগ উঠেছে। লেবার পার্টির একজন মুখপাত্র এই ঘোষণার নিন্দা জানিয়ে বলেছেন, এটি ‘গ্রহণযোগ্য’ নয়।পত্রিকায় প্রকাশিত খবরে বলা হয়, পাকিস্তানি জঙ্গি নেতা হাফিজ মোহাম্মদ সাঈদকে ধরিয়ে দিতে যুক্তরাষ্ট্র এক কোটি ডলার পুরস্কার ঘোষণা করার পরিপ্রেক্ষিতে লর্ড আহমেদ ওই পুরস্কার ঘোষণা করেন। ২০০৮ সালে মুম্বাইয়ের সন্ত্রাসী হামলার পেছনে সাঈদের ষড়যন্ত্র রয়েছে বলে সন্দেহ করা হয়ে থাকে। জিনিউজ।