ওবামাকে নিয়ে হতাশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ওবামা নির্বাচিত হওয়ার পর আমরা খুব আশাবাদী ছিলাম। দায়িত্ব গ্রহণের পর আমাদের সঙ্গে আলোচনায় নিজের নোটবুকের দিকে না তাকিয়েই তিনি ফিলিস্তিন পরিস্থিতি সম্পর্কে কথা বলেছিলেন। এর অর্থ, তিনি বিষয়টি সম্পর্কে যথেষ্ট অবগত ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল ওবামাই হলেন প্রথম মার্কিন প্রেসিডেন্ট, যিনি ফিলিস্তিন ইস্যুতে নিজেকে সবচেয়ে কম জড়িয়েছেন।’ বলছিলেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের একজন সহযোগী মোহাম্মদ ইজতায়েহ।জেরুজালেমের হিব্রু বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানী আব্রাহাম ডিসকিন ওবামার শাসনকালে ফিলিস্তিন-ইসরায়েল সম্পর্কের মূল্যায়ন করতে গিয়ে বলেন, ‘ওবামা প্রমাণ করেছেন ইসরায়েল বিষয়ে, তিনি একেবারে অনমনীয় নন। কিন্তু প্রত্যাশা করেন না এমন পরিস্থিতির মুখোমুখি হলে বিষয়টি পুনর্বিবেচনা করেন। ওবামা সব ক্ষেত্রে একেবারেই অনভিজ্ঞ হিসেবে কাজ শুরু করেছেন। কিন্তু তিনি খুবই বুদ্ধিমান ব্যক্তি এবং ইসরায়েলও তাই বিবেচনা করছে।’ইরাকের উত্তরাঞ্চলীয় কুর্দিস এলাকার হাইস্কুল শিক্ষক কারাওয়ান আহমেদ বলেন, ‘ওবামা সংখ্যালঘু কুর্দিদের বিষয়টি উপেক্ষা করেছেন। কুর্দিরা এখনো শিয়া কর্তৃত্বাধীন সরকারের বিরুদ্ধে যুদ্ধ করে টিকে আছে। ডেমোক্র্যাট এবং ওবামা যুক্তরাষ্ট্রের ক্ষমতায় থাকার পরও আমরা কোনো সহানুভূতি বা সমর্থন পাইনি। অথচ সত্য হচ্ছে, রিপাবলিকানরা ক্ষমতায় থাকার সময় তারা কুর্দিদের রক্ষা করেছে।’ মোগাদিসুর সাবেক স্কুলশিক্ষক ফাডুমু হোসেন বলেন, ‘সোমালিয়ার আল-কায়েদা জঙ্গিদের নির্মূলে ওবামা যতটা আগ্রহী, দেশটির মানবিক সমস্যা নিরসনে ততটা আগ্রহী নন।’ স্কুলশিক্ষক ফাডুমু হোসেন বলেন, ‘তিনি শুধু আমাদের জন্য ড্রোন (চালকবিহীন মার্কিন গোয়েন্দা বিমান) পাঠিয়েছেন, যথেষ্ট সহায়তা পাঠাননি। আমাদের বোমার দরকার নেই, দরকার শুধু সহায়তার।’তবে ইউরোপ ও এশিয়ার কিছু দেশে ওবামার ভাবমূর্তি অনেকটা মিশ্র। জাপানে বেশ জনপ্রিয় ওবামা। টোকিওর একটি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কোইচি নাকানো বলেন, জাপানিরা ওবামাকে পছন্দ করে। এর কারণ হতে পারে মানুষ ওবামা সম্পর্কে হয়তো ভালোভাবে জানে না। তবে আমি অনুমান করি, ওবামা তারুণ্যে ভরপুর, কর্মশক্তিপূর্ণ এবং ক্যারিশমেটিক নেতার মতো লাগে, যা মানুষ পছন্দ করে। পর্তুগালের লিসবনের একটি প্রতিষ্ঠানের কর্মী ফিলোমেনা চুনহা বলেন, ‘তাকে নিয়ে আমাদের বড় আশা ছিল, কিন্তু ওই আশা হতাশায় ঢেকে গেছে। তিনি আমাদের জন্য খুব বেশি কিছু করেননি।’ইউরোপে ওবামাকে নিয়ে যে উচ্চাশা ছিল, তা মলিন হয়ে যাওয়ার মূল কারণ হচ্ছে—ইরাক ও আফগানিস্তানে মার্কিন সেনাবাহিনীর উপস্থিতি এবং গুয়ানতানামো বে কারাগার বন্ধ করতে কার্যত ব্যর্থ হয়েছেন ওবামা। এপি।