ওবামাকে পুনর্নির্বাচিত করতে দলীয় নেতাদের অঙ্গীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার দল ডেমোক্রেটিক পার্টির বার্ষিক সম্মেলন বাংলাদেশ সময় গতকাল মঙ্গলবার মধ্যরাতে নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের শার্লটে শুরু হয়েছে। সম্মেলনে ফার্স্ট লেডি মিশেল ওবামাও অংশ নিয়েছেন। সম্মেলনে ওবামাকে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত করতে প্রচার অভিযান শেষ পর্যন্ত চালিয়ে যাওয়ার ব্যাপারে দলীয় নেতা-কর্মীরা অঙ্গীকার করেন। মিশেল ওবামার জনপ্রিয়তা কোনো কোনো ক্ষেত্রে প্রেসিডেন্টের চেয়েও বেশি। তাই তিনি নারী ভোটারদের আকৃষ্ট করতে সমর্থ হবেন বলে ধারণা করা হচ্ছে। কোলোরাডো অঙ্গরাজ্যের ডেনভারে মিশেল চার বছর আগে ওবামাকে দেশের সম্ভাব্য ‘অসাধারণ প্রেসিডেন্ট’ বলে উল্লেখ করেছিলেন। তবে বিভিন্ন সংকটে জর্জরিত যুক্তরাষ্ট্রের বর্তমান বাস্তবতায় মিশেলের সেই ভবিষ্যদ্বাণীর সাফল্য নিয়ে সংশয় রয়েছে। তবু নর্থ ক্যারোলাইনার দ্বিধাবিভক্ত ভোটারদের সমর্থন আদায়ে ফার্স্ট লেডির উপস্থিতির আলাদা তাৎপর্য রয়েছে। ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে বলা হয়, জনগণের কাছ থেকে আদায় করা উচ্চ করের অর্থে দেশের অবকাঠামো উন্নয়ন ও উন্নত নাগরিক সেবা নিশ্চিত করা হবে। ২০১৪ সালের মধ্যে আফগানিস্তানের যুদ্ধের সমাপ্তি টানা হবে। পারমাণবিক অস্ত্র তৈরির উদ্যোগ থেকে ইরানকে বিরত রাখা হবে এবং চীনের সঙ্গে সুসম্পর্ক স্থাপন করা হবে। এ ছাড়া বিত্তশালী মার্কিন নাগরিক ও প্রতিষ্ঠানগুলোকে দেশের সড়ক, সেতু, শিক্ষা প্রভৃতি খাতে বিনিয়োগ করতে বলা হবে। জনপ্রিয় কিন্তু ব্যয়বহুল স্বাস্থ্য ও পেনশন পরিকল্পনা বহাল রাখা হবে। অপরদিকে মিট রমনির রিপাবলিকান পার্টি বলেছে, তারা ক্ষমতায় গেলে কর কমানো হবে এবং সরকারের আকার ছোট করে আনা হবে। ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে প্রেসিডেন্ট ওবামার শাসনামলের বিভিন্ন সাফল্যের চিত্র তুলে ধরা হয়। বিশেষ করে ইরাক থেকে সেনা প্রত্যাহার ও আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেনকে হত্যার বিষয়কে ওবামার বড় সাফল্য বলে দাবি করা হয়। এসব সাফল্যের জোরে ওবামা আগামী ৬ নভেম্বর অনুষ্ঠেয় নির্বাচনে দ্বিতীয় মেয়াদেও নির্বাচিত হবেন—এমনটিই আশা ডেমোক্র্যাট শিবিরের। এএফপি।