ওবামাকে পুনর্নির্বাচিত করার আহ্বান জানালেন ক্লিনটন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রার্থী বারাক ওবামাকে পুনর্নির্বাচিত করার আহ্বান জানিয়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন। আর এ আহ্বানের মধ্য দিয়ে তাঁর প্রতি গুরুত্বপূর্ণ সমর্থন ব্যক্ত করলেন সাবেক এই প্রেসিডেন্ট। নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের শার্লটে ডেমোক্রেটিক পার্টির সম্মেলনে গত বুধবার তিনি ওবামার প্রতি তাঁর এই সমর্থনের কথা জানান।বিল ক্লিনটন সম্মেলনে উপস্থিত প্রায় ১৫ হাজার ডেমোক্র্যাট সমর্থকদের উদ্দেশে দীর্ঘ ৫০ মিনিটের উদ্দীপনাময়ী এক বক্তৃতা দেন। মার্কিন অর্থনীতি নিয়ে রক্ষণশীল রিপাবলিকান দলের পরিকল্পনার বিরুদ্ধে এই বক্তৃতা ছিল তীব্র সমালোচনামূলক। বারাক ওবামার প্রতি অকুণ্ঠ সমর্থনের কথা জানিয়ে তাঁর অর্থনৈতিক কর্মসূচি ভালোভাবে কাজ করছে বলেও এ সময় মন্তব্য করেন তিনি।সম্মেলনে ক্লিনটন আনুষ্ঠানিকভাবে ওবামাকে ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে প্রস্তাব করেন। একই সঙ্গে ওবামাকে সফল প্রেসিডেন্ট হিসেবে অভিহিত করে তাঁকে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত করতে ভোটারদের প্রতি আহ্বান জানান। নভেম্বরে অনুষ্ঠেয় এ নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী মিট রমনির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন ওবামা।ক্লিনটনের এই বক্তৃতা যুক্তরাষ্ট্রের সাবেক ও বর্তমান দুই প্রেসিডেন্টের মধ্যকার পুনরুজ্জীবিত সম্পর্কেরই এক চূড়ান্ত লক্ষণ বলে মনে করেন বিশ্লেষকেরা। তা ছাড়া, এটাকে শ্বেতাঙ্গ মার্কিন ভোটারদের সমর্থন আদায়ে কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট ওবামার প্রচেষ্টা গতিশীল করার অংশও মনে করেন তাঁরা। ক্লিনটন সমবেত বিপুলসংখ্যক ডেমোক্র্যাট সমর্থকের উদ্দেশে বলেন, ‘আপনারা কোন ধরনের দেশে বাস করতে চান তা আপনাদেরই নির্ধারণ করতে হবে। আপনারা যদি এমন সমাজ চান, যেখানে একজন মার্কিন একাই সর্বেসর্বা, সমাজের সব কৃতিত্ব কেবল তাঁর একার, তবে রিপাবলিকান প্রার্থীকে সমর্থন দিন। কিন্তু যদি এমন দেশ চান যেখানে সুযোগ ও দায়দায়িত্বের অংশীদারি থাকবে, কৃতিত্ব থাকবে সমাজের সবার, তবে আপনাদের ভোট দিতে হবে ওবামা ও তাঁর রানিংমেট (ভাইস প্রেসিডেন্ট প্রার্থী) জো বাইডেনকে।’গত সপ্তাহে ফ্লোরিডায় অনুষ্ঠিত রিপাবলিকান দলের সম্মেলনের প্রসঙ্গ তুলে ধরে ক্লিনটন বলেন, ‘গত দুই বছর ধরে রিপাবলিকানরা যেসব ধারণা দিয়ে এসেছেন তাতে প্রেসিডেন্ট ওবামার বিকল্প একজন গ্রহণযোগ্য ও উদারপন্থী ব্যক্তিকে খুঁজে বের করার মতো যথেষ্ট কিছু পাওয়া যায়নি।’মার্কিন সিনেটের রিপাবলিকান নেতা মিচ ম্যাককনেলের বক্তব্যের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, ‘ওবামাকে হোয়াইট হাউস থেকে সরিয়ে দেওয়াই তাঁদের সবচেয়ে অগ্রাধিকারযোগ্য লক্ষ্য হলেও, ওবামাকে আমরা তাঁর পদে বহাল রাখার ঘোষণা দিচ্ছি।’প্রেসিডেন্ট ওবামাকে সমর্থন করার পক্ষে যুক্তি তুলে ধরে তিনি বলেন, হোয়াইট হাউসের দায়িত্ব পেয়ে ওবামা যে নীতি গ্রহণ করেছেন তাতে দেশের অর্থনীতি আরও ধসে পড়া থেকে রক্ষা পেয়েছে ও তা উঠে দাঁড়ানো শুরু করেছে। ওবামার অভিজ্ঞতাকে ক্লিনটন তাঁর প্রথম দফা প্রেসিডেন্ট মেয়াদের সঙ্গে তুলনা করে বলেন, ‘সে সময় আমাদের গৃহীত নীতি সবে কাজ শুরু করে এবং অর্থনীতিও এগোতে থাকে। কিন্তু অধিকাংশ মানুষ এখনো সেটি অনুভব করতে পারেনি।’ ক্লিনটন বলেন, ‘আমি কেন, আমার পূর্বসূরি কোনো প্রেসিডেন্টই অর্থনীতির দুরবস্থা মাত্র চার বছরের মধ্যে কাটাতে সক্ষম হননি। তবে, পরিস্থিতি ক্রমশ ভালো হচ্ছে। যদি ওবামাকে আপনারা আরেকবার থাকার সুযোগ দেন তাহলে এর সুফল আপনারা বুঝতে পারবেন।’ ক্লিনটন বলেন, ‘অর্থনীতির নাজুক অবস্থার জন্য ওবামাকে দোষ দেওয়া যায় না। কেননা, তিনি উত্তরাধিকার সূত্রেই এটা পেয়েছেন। অর্থনীতি পুনরুদ্ধার ও অধিক কর্মসংস্থান সৃষ্টির জন্যই ওবামাকে পুনর্নির্বাচিত করা উচিত।’ বক্তৃতায় মিট রমনিকেও আক্রমণ করেছেন ক্লিনটন। ক্ষমতায় এলে ওবামার নেওয়া জনকল্যাণকর কর্মসূচি বাতিল করার হুমকি দেওয়ায় রমনির সমালোচনা করেন তিনি। ক্লিনটনের বক্তৃতা শেষে দলের ঐক্যের প্রতিফলন ঘটাতে সম্মেলনমঞ্চে তাঁর সঙ্গে যোগ দেন ওবামা। ২০০৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রার্থী বাছাইকালে ক্লিনটন তাঁর স্ত্রী হিলারিকে ওবামার বিপরীতে সমর্থন দেন। সে সময় ক্লিনটন ও ওবামার ব্যক্তিগত সম্পর্কে তেমন ঘনিষ্ঠতা লক্ষ করা যায়নি। বিবিসি ও এএফপি।