যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলের ভোটারদের প্রতি তিনজনের একজন এখনো মনে করেন, প্রেসিডেন্ট ওবামা মুসলিম। ওবামা হোয়াইট হাউসে যাওয়ার পর প্রায় চার বছর পার হতে চললেও রিপাবলিকান ভোটারদের এ ধারণা পরিবর্তন হয়নি। গত বৃহস্পতিবার প্রকাশিত পিউ রিসার্চ সেন্টারের এক জনমত জরিপ থেকে বিষয়টি জানা গেছে।পিউ রিসার্চের জ্যেষ্ঠ গবেষক গত বৃহস্পতিবার ওই জরিপের ফলাফল তুলে ধরে বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘প্রেসিডেন্ট ওবামাকে মুসলমান বলে ধারণা পোষণকারী আমেরিকানের সংখ্যা ২০০৮ সালের চেয়ে বেড়েছে। যেমন দেখা গেছে ২০১০ সালেও।’জরিপের ফলাফলে বলা হয়েছে, ওবামাকে মুসলমান বলে বিশ্বাস করেন এমন রক্ষণশীল রিপাবলিকান ভোটারের সংখ্যা যদিও ২০১০ থেকে ২০১২ সালের মধ্যবর্তী সময়ে স্থির ছিল, এ মুহূর্তে তা ২০০৮ সালের চেয়ে দ্বিগুণের বেশি। অথচ খ্রিষ্টান সম্প্রদায়ের গির্জার নিয়মিত উপাসকেরা বারবারই ওবামার ধর্মীয় বিশ্বাসের ব্যাপারে নিশ্চয়তা দিয়ে আসছেন। গত জুন ও জুলাই মাসে গবেষণা প্রতিষ্ঠানটি রিপাবলিকান দলের তিন হাজার ভোটারের ওপর জরিপ পরিচালনা করে। এতে ১৭ শতাংশ জানায়, তারা ওবামাকে মুসলমান বলে বিশ্বাস করে। এ সংখ্যা ২০০৮ সালের চেয়ে ৫ শতাংশ বেশি।এদিকে যুক্তরাষ্ট্রের মুসলিম নেতারা ওবামার ধর্মীয় বিশ্বাস নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁরা বলেন, ওবামার ধর্মীয় পরিচয় খোলাসা করার অক্ষমতা মার্কিন রাজনীতির বিশৃঙ্খলারই বহিঃপ্রকাশ। তা ছাড়া এটি মানুষের মধ্যে ইসলামভীতি বাড়িয়ে তোলারই আভাস। এএফপি।