ওবামাকে রমনির অভিনন্দন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফল ঘোষণার পর প্রেসিডেন্ট ওবামাকে অভিনন্দন জানিয়েছেন রিপাবলিকান পার্টির পরাজিত প্রার্থী মিট রমনি। স্থানীয় সময় মঙ্গলবার রাতে পরাজয় স্বীকার করে দেওয়া ভাষণে রমনি এ কথা জানান।রমনি তাঁর ভাষণে বলেন, ‘একটু আগেই আমি প্রেসিডেন্ট ওবামাকে ফোন করেছি। বিজয়ী হওয়ায় অভিনন্দন জানিয়েছি তাঁকে। এই অভিনন্দন তাঁর সমর্থক ও প্রচারণার সঙ্গে যুক্ত ব্যক্তিদেরও প্রাপ্য। তাঁদের সবাইকে শুভকামনা জানাচ্ছি। বিশেষ করে প্রেসিডেন্ট, ফার্স্ট লেডি ও তাঁদের দুই মেয়েকে।’ ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টনে আয়োজিত সমাবেশে রমনি বলেন, ‘জাতি এখন এক সন্ধিক্ষণে রয়েছে। এ সময় আমরা বিভেদ উসকে দেওয়া এবং রাজনৈতিক ফায়দা লোটার মতো ঝুঁকি নিতে পারি না। আমরা যারা নেতৃত্বে আছি, সবাইকে এক কাতারে দাঁড়িয়ে কাজ করতে হবে। এ লক্ষ্যে জনগণকেও উঠে দাঁড়াতে হবে।’নির্বাচনী লড়াইয়ে সহায়তা করার জন্য সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান রমনি। রানিং মেট পল রায়ানের প্রশংসা করে রমনি বলেন, ‘আশা করছি, পল রায়ান তাঁর বুদ্ধিমত্তা, পরিশ্রম ও দায়িত্ববোধ দিয়ে ভবিষ্যতেও যুক্তরাষ্ট্রের কল্যাণে নিয়োজিত থাকবেন।’সমাবেশে রমনি বলেন, ‘আমি স্ত্রী অ্যানকে ধন্যবাদ জানাচ্ছি। সে একজন দারুণ ফার্স্ট লেডি হতে পারত।’ তিনি আরও বলেন, ‘আমার পক্ষে প্রচারণা চালাতে গিয়ে অক্লান্ত পরিশ্রম করায় আমি আমার ছেলেদের ধন্যবাদ জানাচ্ছি। তাঁদের স্ত্রী ও সন্তান-সন্ততিদেরও ধন্যবাদ জানাচ্ছি।’সমাবেশে উপস্থিত অন্যদের ধন্যবাদ জানিয়ে রমনি বলেন, ‘সততা, বদান্যতা ও পারিবারিক বন্ধনের মাধ্যমে আমাদের নতুন যুক্তরাষ্ট্র গড়ে তুলতে হবে।’ তিনি বলেন, ‘আমি যুক্তরাষ্ট্রের ওপর আস্থা রাখি। আস্থা রাখি দেশের মানুষের ওপর। আর যুক্তরাষ্ট্রকে নিয়ে আমি উদ্বিগ্ন বলেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছি। তবে নির্বাচন চলে গেলেও আমাদের নীতি অটুট আছে।’রমনি বলেন, ‘আমি বিশ্বাস করি, যে নীতির ওপর যুক্তরাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে, সেই নীতিই যুক্তরাষ্ট্রের অর্থনীতি পুনরুদ্ধারের সঠিক পথ দেখাতে পারে এবং নিজেদের শ্রেষ্ঠত্ব ফিরিয়ে আনতে পারে।’সমাবেশে উপস্থিত জনতার উদ্দেশে রমনি বলেন, ‘আপনাদের অনেকের মতোই আমি ও পল প্রচারণায় সাধ্যের সবটুকু উজাড় করে দিয়েছি। আমার আশা ছিল, দেশকে নেতৃত্ব দিয়ে আমি আপনাদের সব প্রত্যাশা পূরণ করতে সমর্থ হব। তবে জাতি অন্য নেতাকে বেছে নিয়েছে। তাই আমি ও অ্যান আপনাদের সঙ্গে তাঁর (ওবামা) ও জাতির জন্য আন্তরিকভাবে প্রার্থনা করছি।’ রয়টার্স।