ওবামাকে রিকশা উপহার দিতে না পেরে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিকশার কথা বললেই কলকাতা ও ঢাকার কথা মনে পড়ে। চলার পথে এই দুটি শহরের মানুষের কাছে রিকশা যেন পরম আদরের বস্তু। ঘণ্টা বা মিনিট কয়েকের পথে রিকশার বিকল্প নেই। ইরফান আলমের কল্যাণে মনুষ্যচালিত এ যান এখন ভারতের অন্য শহরগুলোতেও দেখা যাচ্ছে। এসব শহরের বাসিন্দাদের কাছে রিকশা ধীরে ধীরে জনপ্রিয় বাহন হয়ে উঠছে। যান্ত্রিকতার যুগে পরিবেশবান্ধব এ বাহনকে জনপ্রিয় করে তোলার জন্য ইরফান এখন ভারতে আলোচিত চরিত্র। দেশ ছাড়িয়ে সুনাম ছড়িয়েছে তাঁর মার্কিন মুলুকেও। ডাক পেয়েছেন আন্তর্জাতিক উদ্যোক্তাদের সম্মেলনে। ওয়াশিংটনে গত বুধবার শেষ হয়েছে দুই দিনব্যাপী এ সম্মেলন। এতে ৫০টি দেশের আড়াই শ ব্যবসায়ী উদ্যোক্তা যোগ দেন। তাঁদের মধ্যে ইরফানসহ ভারতের আরও পাঁচজন উদ্যোক্তা ছিলেন। আন্তর্জাতিক পরিমণ্ডলের কোনো সম্মেলনে নিমন্ত্রণ পেয়ে বেজায় খুশি হওয়ার কথা ছিল ইরফানের। কিন্তু বেচারা উল্টো মন খারাপ করেছেন। কারণ, তাঁর একটি চাওয়া পূরণ হয়নি। বড় শখ ছিল মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে একটি রিকশা উপহার দেওয়ার। কিন্তু হলো না। হতাশায় ভরা কণ্ঠে বলছিলেন, ‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ওবামাকে একটি রিকশা উপহার দিতে চেয়েছিলাম। কিন্তু পরিবহন অসুবিধার কারণে তা আর হলো না।’সম্মেলন শেষে ওয়াশিংটনে ভারতীয় দূতাবাসে সেদেশের ছয় ব্যবসায়ীকে সংবর্ধনা দেওয়া হয়। সেখানেই কথাগুলো বলেন ইরফান। তিনি বলেন, ‘ওবামাকে রিকশা আমি দেবই। এ জন্য প্রয়োজনে ভারতীয় দূতাবাসের কাছে সহায়তা চাইব।’ আধুনিক রিকশা উদ্যোক্তা ইরফান বলেন, ‘কোনো ধরনের যান্ত্রিক সহায়তা ছাড়াই দেশীয় পদ্ধতিতে মনুষ্যচালিত এ বাহনটির উন্নতি করা হয়েছে। রিকশাওয়ালারাই এ উন্নতি করেছেন।’ তিনি বলেন, ভারতে নিযুক্ত মার্কিন দূত টিমোথি রোয়েমারও রিকশা চালিয়েছেন। ফেব্রুয়ারিতে বিহারের রাজধানী পাটনা সফরকালে রোয়েমার রিকশা চালান। রিকশা চালানো শেষে রোয়েমার বলেছিলেন, ‘রিকশা চালানোটা খুবই ভালো ধরনের শরীরচর্চা। আমি আবারও রিকশা চালাতে চাই।’দেশব্যাপী রিকশার প্রচলন বাড়াতে ২০০৭ সালে পাটনায় একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন ইরফান। যার নাম সম্মান ফাউন্ডেশন। ইরফান নিজেই প্রতিষ্ঠানটি পরিচালনা করছেন। ভারত থেকে যুক্তরাষ্ট্রে যাতে সহজে রিকশা নিয়ে যাওয়া যায় এজন্য ইরফান কম ওজনের সরঞ্জাম দিয়ে একটি রিকশা বানানোর নির্দেশ দিয়েছেন তাঁর কর্মীদের। ওবামাকে রিকশা উপহার দেবেনই তিনি। সূত্র: এএফপি।