ওবামাকে হত্যার পরিকল্পনা ছিল ওসামার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠন আল-কায়েদার প্রধান ওসামা বিন-লাদেন জীবনের শেষ দিনগুলোতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামাকে হত্যার পরিকল্পনা করেছিলেন। একই সঙ্গে দেশটিতে আরেকটি হামলা চালানোর পরিকল্পনাও ছিল তাঁর। একটি গণমাধ্যমের প্রতিবেদনের বরাত দিয়ে পিটিআই গতকাল শনিবার এ তথ্য জানায়।সিএনএনের জাতীয় নিরাপত্তাবিষয়ক বিশ্লেষক পিটার বার্গান এক প্রতিবেদনে বলেন, পাকিস্তানের অ্যাবোটাবাদে লাদেনের আস্তানা থেকে উদ্ধার করা কম্পিউটার আলামত বিশ্লেষণ করে দেখা যায়, সেখানে লাদেন আফগানিস্তান ও পাকিস্তানে তাঁর অনুসারীদের যুক্তরাষ্ট্রে হামলার চেষ্টা অব্যাহত রাখার নির্দেশ দিয়েছিলেন। একই সঙ্গে প্রেসিডেন্ট বারাক ওবামা ও জেনারেল ডেভিড পেট্রাউসকে হত্যার নির্দেশ দিয়েছিলেন তিনি। ডেভিড পেট্রাউস আফগানিস্তানে ন্যাটো বাহিনীর তৎকালীন প্রধান ছিলেন।উদ্ধার করা আলামতের তথ্য অনুযায়ী বারাক ওবামাকে নাস্তিক উল্লেখ করে বিন লাদেন লিখেছিলেন, তাঁকে হত্যা করা হলে ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন প্রেসিডেন্টে হবেন। পিটিআই, ডন অনলাইন।