ওবামাকে ‘অযোগ্য’ বললেন ক্লিনটন!
বর্তমান মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে ‘অযোগ্য’ বলেছেন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন। একই সঙ্গে তিনি তাঁর স্ত্রী বর্তমান পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনকে পদত্যাগ করে প্রেসিডেন্ট পদে প্রার্থী হতে ওবামাকে চ্যালেঞ্জ করতে বলেন। এমন দাবি করা হয়েছে ওবামার জীবন অবলম্বনে লেখা একটি বইয়ে। ওবামার জীবনীগ্রন্থ দ্য অ্যামেচার-এর লেখক অ্যাওয়ার্ড ক্লেইন। তবে বইটি অননুমোদিত বলে জানা গেছে। বইয়ে উল্লিখিত তথ্য অনুযায়ী, সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন তাঁর স্ত্রী হিলারিকে বলেছেন, ‘তোমাকে এ দেশের দরকার।’ ওবামা সম্পর্কে তিনি বলেন, ‘ওবামা জানেন না, কীভাবে প্রেসিডেন্ট হতে হয়। তিনি অযোগ্য।’বইয়ের লেখক ক্লেইনের ভাষ্য, ওবামা সম্পর্কে বিল ক্লিনটনের সমালোচনামূলক মন্তব্য থেকেই বইয়ের নামকরণ করা হয়েছে দ্য অ্যামেচার। ক্লেইনের বইয়ের এসব তথ্য বিশ্বাসযোগ্য নয় বলে মন্তব্য করা হয়েছে দ্য নিউইয়র্ক পোস্ট-এ। পত্রিকাটি বলছে, ওবামাকে দ্বিতীয় মেয়াদে জয়ী করতে ক্লিনটন প্রচারাভিযানে নেমেছেন। পিটিআই।