ওবামাকে ‘শয়তানের শিরোমণি’ বললেন মাদুরো
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে ‘শয়তানের শিরোমণি’ আখ্যায়িত করে তাঁর তীব্র সমালোচনা করেছেন। মাদুরোকে ভেনেজুয়েলার নতুন প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিতে ওবামার অস্বীকৃতি জানানোর পর গত শনিবার তিনি এই মন্তব্য করেন।রাজধানী কারাকাসে মাদুরো এক সমাবেশে ওবামার বিরুদ্ধে ভেনেজুয়েলার গণতন্ত্র ধ্বংসের অভিযোগ আনেন। মাদুরো বলেন, মধ্য আমেরিকার গণ্ডি থেকে বের হয়ে ওবামা উদ্ধত ও ধৃষ্টতাপূর্ণ কথার ফুলঝুরি ছিটাচ্ছেন। ভেনেজুয়েলার গণতন্ত্র নস্যাৎ করতে তিনি ফ্যাসিবাদী ডানপন্থীদের আদেশ দিচ্ছেন; তাদের প্রতি ওবামার প্রচ্ছন্ন আশীর্বাদ রয়েছে। মাদুরো আরও বলেন, ওবামা নিজেই সাম্রাজ্যবাদী শক্তির হাতের পুতুল। যেসব ডানপন্থী শক্তি ভেনেজুয়েলার গণতন্ত্রকে ধ্বংস করতে চায়, তাদের ডলার জুগিয়ে মদদ দেওয়ার নেপথ্যে আছেন তিনি।মাদুরো বলেন, ‘আমরা আমাদের প্রতিষ্ঠান, শান্তি, গণতন্ত্র ও ভেনেজুয়েলার জনগণের স্বার্থ সমর্থন করছি। আর এ কারণেই গণতন্ত্র রক্ষায় আমরা যে কারও, এমনকি শয়তানের শিরোমণি ওবামার সঙ্গেও বসতে প্রস্তুত।’ এর আগে মাদুরোর পূর্বসূরি হুগো চাভেজ সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশকে শয়তান হিসেবে আখ্যায়িত করেছিলেন। এএফপি