ওবামার অনাড়ম্বর শপথ
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা গতকাল রোববার দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। নিয়ম রক্ষার এই শপথ অনুষ্ঠান আয়োজিত হয় একেবারেই ঘরোয়া ও অনাড়ম্বর পরিবেশে। আজ সোমবার (২১ জানুয়ারি) তিনি পূর্ণ আনুষ্ঠানিকতায় জনসমক্ষে শপথ নেবেন।সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে গতকাল ওবামাকে শপথ নিতে হয়। যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী, নতুন প্রেসিডেন্ট ২০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে শপথ নেন। কিন্তু এবার দিনটি রোববার (সাপ্তাহিক ছুটির দিন) হওয়ায় এই আনুষ্ঠানিক শপথ এক দিন পেছানো হয়েছে।ওবামার গতকালের শপথ অনুষ্ঠান নিয়ে ছিল না কোনো মাতামাতি। সামরিক বাহিনীর সমাধিস্থল আর্লিংটন জাতীয় সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউসে তিনি শপথ নেন।হোয়াইট হাউসের ব্লু রুমে গতকাল বেলা ১১টা ৫৫ মিনিটে শপথ নেন ওবামা। এতে গুটি কয়েক সংবাদমাধ্যমের কর্মীদের প্রবেশের অনুমতি ছিল। অনুষ্ঠানে হাতেগোনা অতিথিদের বেশির ভাগই ছিলেন পরিবারের সদস্য। ওবামা ডান হাত ওপরে উঁচিয়ে এবং বাঁ হাত তাঁর পরিবারের ব্যবহূত বাইবেলের ওপর রেখে শপথ গ্রহণ করেন। তাঁর শপথ গ্রহণের স্থায়িত্ব ছিল এক মিনিটেরও কম সময়।ওবামার শপথবাক্যের উল্লেখযোগ্য বক্তব্য ছিল, তিনি ‘মার্কিন প্রেসিডেন্টের দায়িত্বকে বিশ্বস্ততার সঙ্গে চালিয়ে নেবেন’ এবং ‘রাষ্ট্রীয় সংবিধান সংরক্ষণ, রক্ষা ও সমুন্নত রাখতে কাজ করবেন’। শপথ গ্রহণ শেষে তিনি স্ত্রী মিশেল ওবামা, দুই মেয়ে মালিয়া (১৪) ও সাশাকে (১১) জড়িয়ে ধরেন।২০০৯ সালে প্রথম মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে ওবামাকে শপথ পাঠ করিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রধান বিচারপতি জন রবার্টস। এবারও তিনি ওবামাকে শপথ পাঠ করান। আজ প্রেসিডেন্টের কার্যালয় ক্যাপিটল হিলে আনুষ্ঠানিক শপথ নেবেন তিনি।ক্যাপিটল হিলে শপথ নেওয়ার পর প্রচলিত রীতি অনুযায়ী নতুন প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে বক্তৃতা করবেন ওবামা। ১৯৮৫ সালে রোনাল্ড রিগ্যানের পর এই প্রথমবার সাপ্তাহিক ছুটির কারণে নতুন প্রেসিডেন্টকে দুবার শপথ নিতে হচ্ছে। ২০০৯ সালে ওবামার শপথ অনুষ্ঠান দেখেছিল রেকর্ড ১৮ লাখ দর্শক। এবার সেই সংখ্যা কমে ছয় থেকে আট লাখ হবে বলে ধারণা করা হচ্ছে। আগ্রহ কমার কারণ হিসেবে বিশ্লেষকেরা বলছেন, যুক্তরাষ্ট্রের বর্তমান অর্থনৈতিক অবস্থা, বেকারত্বের হার বৃদ্ধি পাওয়া এবং দেশের অভ্যন্তরে বিপজ্জনক অস্ত্রের বিক্রি নিয়ন্ত্রণে ওবামার পরিকল্পনা প্রকাশ করায় অনেকেই আশাহত। তবে গত নভেম্বরে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার পর এখন ওবামার প্রতি জনগণের আস্থা ৫০ শতাংশের ওপরে। রয়টার্স ও এএফপি।