ওবামার অভিষেক অনুষ্ঠানে গাইবেন বিয়ন্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার অভিষেক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন পপ তারকা বিয়ন্স নোলস, কেলি ক্লার্কসন ও লোকসংগীতশিল্পী জেমস টেলর। এ ছাড়া সমকামী কবি রিচার্ড ব্ল্যানকো উপস্থিত থাকবেন। গত বুধবার বিবিসির এক খবরে এ তথ্য জানানো হয়। আয়োজকদের বরাত দিয়ে খবরে বলা হয়, আগামী ২১ জানুয়ারি ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট বারাক ওবামার দ্বিতীয় মেয়াদের অভিষেক অনুষ্ঠান জমকালো হবে। এই অনুষ্ঠানের জন্য কবি ও সংগীতশিল্পীদের তালিকা তৈরিতে সহায়তা দিচ্ছেন প্রেসিডেন্ট। ওবামা বলেন, এই তারকা শিল্পীরা এমন সব গান পরিবেশন করেন, যেগুলো মার্কিন নাগরিকদের হূদয়ের কথা বলে। সারা দেশের লোককাহিনি তুলে ধরে। কিউবার বংশোদ্ভূত মার্কিন সমকামী কবি রিচার্ড ব্ল্যানকোকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর কারণ সম্পর্কেও নিজের মতামত তুলে ধরেন ওবামা। তিনি বলেন, ‘অভিষেক অনুষ্ঠানে রিচার্ডের কবিতা উপভোগ্য হবে। তাঁর উপস্থিতির মধ্য দিয়ে দেশবাসী ও জাতির বৈচিত্র্যের শক্তি উদ্যাপন করা যাবে।’ আয়োজকেরা বলছেন, ব্ল্যানকোই (৪৪) প্রথম সমকামী হিস্পানিক কবি হিসেবে অভিষেক অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন। তবে জেমস টেলর ও বিয়ন্স ২০০৯ সালে প্রেসিডেন্ট হিসেবে ওবামার প্রথম অভিষেক অনুষ্ঠানেও সংগীত পরিবেশন করেছিলেন। প্রেসিডেন্ট ওবামার দ্বিতীয় দফায় নির্বাচনী প্রচারণার সময় ওবামার উদ্দেশে খোলা চিঠি লেখেন বিয়ন্স। ওবামার প্রশংসা করে ওই চিঠিতে তিনি বলেন, ‘আমরা যেখানে রয়েছি ও যেখানে আমাদের নিয়ে যেতে হবে এর নেতা তিনি (ওবামা)।’ বিবিসি।