ওবামার অভিষেকে অংশ নেওয়া ছাত্রী গুলিতে নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের একটি পার্কে অজ্ঞাতনামা বন্দুকধারীর গুলিতে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। তার নাম হাদিয়া পেন্ডলটন (১৫)। প্রেসিডেন্ট বারাক ওবামার অভিষেক অনুষ্ঠানে নেচেছিল সে।পুলিশ জানায়, স্থানীয় কিং কলেজ প্রিপারেটরির ছাত্রী হাদিয়া গত মঙ্গলবার স্থানীয় সময় বিকেলে বন্ধুদের সঙ্গে গল্প করছিল। এ সময় এক বন্দুকধারী তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। হাদিয়া দৌড়ে পালানোর চেষ্টা করলে তার পিঠে একটি গুলি লাগে। শোকে মুহ্যমান হাদিয়ার বাবা নাথানিয়েল পেন্ডলটন গত বুধবার ওই পার্কেই সংবাদ সম্মেলনে বলেন, ‘অজ্ঞাতনামা ওই বন্দুকধারী আমার জীবনের আলো নিভিয়ে দিয়ে গেছে।’ এরপর তিনি ওই ঘাতকের উদ্দেশে বলেন, ‘নিজের দিকে তাকাও। একবার ভেবে দেখো, কী করেছ তুমি। একটি নিষ্পাপ প্রাণ কেড়ে নিয়েছ। হত্যা করেছ একটি অহিংস শিশুকে।’এ ঘটনায় ওবামা ও তাঁর স্ত্রী হাদিয়ার পরিবারের শোকসন্তপ্ত সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জে কারনি এ তথ্য জানান। এপি।