ওবামার আকস্মিক আফগানিস্তান সফর
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা গতকাল রোববার আকস্মিক সফরে আফগানিস্তানে গেছেন৷ তিনি সেখানে দীর্ঘদিন ধরে চলা যুদ্ধে অবদান রাখায় মার্কিন সেনাদের অভিবাদন জানাবেন৷ সেনাদের উদ্দেশে ভাষণ দেবেন তিনি৷ খবর এএফপির৷
ওবামা ওয়াশিংটন থেকে বিশেষ বিমানে সরাসরি আফগানিস্তানের রাজধানী কাবুলের বাইরে বাগরাম বিমানঘাঁটিতে যান৷ সংক্ষিপ্ত সফরকালে তিনি সেনা কমান্ডার ও দেশটির নেতাদের সঙ্গে দেখা করবেন৷ তবে আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই কিংবা কোনো প্রেসিডেন্ট পদপ্রার্থীর সঙ্গে সাক্ষাৎ করবেন না৷
যুদ্ধে নিহত মার্কিন সেনাদের স্মৃতির উদ্দেশে যুক্তরাষ্ট্র ‘মেমোরিয়াল ডে’ পালন করবে আজ সোমবার৷ দিনটিকে সামনে রেখে ওবামা কড়া নিরাপত্তার মধ্যে গতকাল আফগানিস্তান যান৷ সেখানে মার্কিন সেনাদের সঙ্গে কিছুটা সময় কাটাবেন ওবামা৷
মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, আন্তর্জাতিক নিরাপত্তা সহায়তা বাহিনীর প্রধান জেনারেল ডান ফোর্ড ও আফগানিস্তানে মার্কিন রাষ্ট্রদূত জেমস কানিংহামের সঙ্গে বৈঠক করবেন ওবামা৷