ওবামার আকস্মিক সফরের পর কাবুলেআত্মঘাতী হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, আফগানিস্তানে যুদ্ধের সময় শেষ হয়ে আসছে। যুক্তরাষ্ট্র আল-কায়েদা নেটওয়ার্ককে পরাজিত করতে লক্ষ্যের খুব কাছাকাছি পৌঁছে গেছে।আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠন আল-কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনকে হত্যার প্রথম বার্ষিকীতে আফগানিস্তানে আকস্মিক সফরে গিয়ে গতকাল বুধবার ওবামা এসব কথা বলেন। এই সফরে ওবামা দেশটি থেকে ২০১৪ সালের মধ্যে সেনা প্রত্যাহারের ব্যাপারে প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সঙ্গে চুক্তি করেন।এদিকে ওবামার আফগানিস্তান ছাড়ার পর রাজধানী কাবুলের প্রধান বিমানবন্দরের কাছে আত্মঘাতী গাড়িবোমা হামলায় অন্তত সাত ব্যক্তি নিহত হয়েছে। তালেবান এই হামলার দায় স্বীকার করেছে।গত বছরের ২ মে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের অদূরে অ্যাবোটাবাদের একটি বাড়িতে মার্কিন কমান্ডোদের অভিযানে নিহত হন ওসামা। যুক্তরাষ্ট্রের এই ‘সাফল্যের’ প্রথম বার্ষিকীতে কোনো ঘোষণা ছাড়াই আফগানিস্তানে যান ওবামা। আফগানিস্তানের বাগরাম সেনা ঘাঁটিতে মার্কিন সেনাদের উদ্দেশে ওবামা বলেন, ‘আফগানিস্তান থেকে যুদ্ধের শুরু হয়েছিল। এখান থেকেই এই যুদ্ধ শেষ হবে।’ প্রায় এক দশক ধরে চলা আফগান যুদ্ধকে ‘অন্ধকারের কালো মেঘ’ আখ্যা দেন ওবামা। তিনি বলেন, ‘আফগানিস্তানে আমরা ভোর হওয়ার আগের অন্ধকারে রয়েছি। আমরা নতুন দিনের ভোরের আলোর রেখা দেখতে পাচ্ছি।’কাবুলে প্রেসিডেন্ট প্রাসাদে কারজাইয়ের সঙ্গে চুক্তি করেন ওবামা। এই চুক্তির আওতায় আফগানিস্তান থেকে ২০১৪ সালের মধ্যে সামরিক জোট ন্যাটোর সব সেনা প্রত্যাহার করা হবে। এর মধ্য দিয়ে মূলত আফগানিস্তানের মার্কিন অভিযান শেষ হবে। এ ছাড়া দুই দেশের মধ্যে কৌশলগত অংশীদারি চুক্তিও স্বাক্ষরিত হয়েছে।চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ওবামা বলেন, ‘যুক্তরাষ্ট্র বা আফগান জনগণ যুদ্ধের বিষয়ে প্রশ্ন তুলছে না। ১০ বছর ধরে আমরা একসঙ্গে কাজ করছি। এখন আমরা ভবিষ্যতের শান্তির লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। আমরা দীর্ঘমেয়াদি অংশীদারিত্বের ব্যাপারে রাজি হয়েছি।’বাগরাম বিমান ঘাঁটিতে ওবামা বলেন, ‘আফগান সরকারের সমন্বয়ে আমার সরকার তালেবানের সঙ্গে সরাসরি আলোচনায় রাজি হয়। আমরা এটা স্পষ্ট করে বলেছি, আল-কায়েদার সঙ্গে সম্পর্ক ছিন্ন করলে এবং আফগানিস্তানের আইন মানলে তালেবান ভবিষ্যতে দেশটির অংশ হতে পারে।’ ওবামার সঙ্গে চুক্তি স্বাক্ষরের পর কারজাই বলেন, ‘আফগান-যুক্তরাষ্ট্র চুক্তি তৃতীয় কোনো দেশের জন্য কোনো হুমকি হবে না। আমরা আশা করি, এই চুক্তি এ অঞ্চলের স্থিতিশীলতা, সমৃদ্ধি ও উন্নয়নে ভূমিকা রাখবে।’ওবামা মার্কিন বিমানবাহিনীর একটি বিমানে করে আফগানিস্তান ছেড়ে যাওয়ার ঘণ্টা দুয়েক পর কাবুলে বিদেশি অতিথি থাকার একটি ভবন চত্বরে গাড়িবোমা হামলায় সাতজন নিহত হয়। তবে কারা নিহত হয়েছে, সে ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি। ‘গ্রিন ভিলেজ’ নামের ওই ভবন আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা ব্যবহার করতেন। আফগান পুলিশ হামলার বিষয়টি নিশ্চিত করেছে।তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ হামলার দায় স্বীকার করে বলেন, ‘একজন পবিত্র যোদ্ধা ওই আত্মঘাতী হামলা চালিয়েছেন। এমন হামলা চালানোর জন্য আরও কয়েকজন ওই এলাকায় প্রবেশে করেছেন।’ তিনি বলেন, ‘এটা ওবামার প্রতি একটা বার্তা। আফগান জনগণ কখনোই ওবামা বা তাঁর সেনাদের এ দেশে স্বাগত জানায় না। তারা আমাদের দেশ না ছাড়া পর্যন্ত এমন হামলা চলতেই থাকবে।’ এএফপি, রয়টার্স।