ওবামার আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ পরিকল্পনা অনিশ্চয়তার মুখে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণে প্রেসিডেন্ট বারাক ওবামার একটি পরিকল্পনা সংকটের মুখে পড়েছে। সংখ্যাগরিষ্ঠ নেতা হ্যারি রিড গত মঙ্গলবার স্বীকার করেন পরিকল্পনার পক্ষে মার্কিন সিনেটে যথেষ্ট সমর্থন নেই।রিডের এ স্বীকারোক্তিকে হোয়াইট হাউসের অস্ত্র নিয়ন্ত্রণ পরিকল্পনার ক্ষেত্রে বড় ধরনের আঘাত বলে মনে করা হচ্ছে। সিনেটের রিপাবলিকান সদস্যদের পাশাপাশি কিছু ডেমোক্র্যাট সদস্যের বিরোধিতার কারণে এ পরিকল্পনার ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে।হ্যারি রিড বলেন, সিনেটের অর্ধেকের কম সদস্য আগ্নেয়াস্ত্রের ওপর নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা সমর্থন করেন। আগামী মাসে সিনেটে এ পরিকল্পনা তোলা হলে সেটি ব্যর্থতার মুখে পড়তে পারে।গত বছরের ডিসেম্বরে কানেটিকাটের একটি বিদ্যালয়ে গুলিবর্ষণের ঘটনার পর যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্রের সহিংসতা ঠেকাতে ওবামার প্রচেষ্টায় অস্ত্র বিক্রির ওপর বিধিনিষেধ আরোপের পরিকল্পনা করা হয়। এখন এ পরিকল্পনা সবচেয়ে বিতর্কিত বিষয় হয়ে উঠছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশনের প্রচারণায় উৎসাহিত হয়ে অনেক মার্কিন আইনপ্রণেতাই যুক্তি দেন, অস্ত্র বিক্রির ওপর নিষেধাজ্ঞার বিধিবিধান আরোপ হবে মার্কিনদের অস্ত্র বহনের সাংবিধানিক অধিকারের পরিপন্থী। রয়টার্স।