ওবামার আনুষ্ঠানিক নির্বাচনী সমাবেশ শুরু ৫ মে
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার লক্ষ্য নিয়ে আগামী ৫ মে তাঁর আনুষ্ঠানিক নির্বাচনী সমাবেশ শুরু করতে যাচ্ছেন। নির্বাচনী লড়াইয়ের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত অঙ্গরাজ্য ওহাইয়ো ও ভার্জিনিয়ায় এদিন সমাবেশ অনুষ্ঠিত হবে। ওবামার নির্বাচনী প্রচারণা দলের পক্ষ থেকে বুধবার এ খবর জানানো হয়।যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠানের ঠিক ছয় মাস আগে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরুর ওই দিনটিতে বারাক ওবামা ওহাইয়োর কলম্বাস ও ভার্জিনিয়ার রিচমন্ডে দুটি সমাবেশে বক্তৃতা দেবেন। দেশের অর্থনৈতিক পুনরুদ্ধার প্রচেষ্টায় হোঁচট খাওয়া সত্ত্বেও ওবামা প্রেসিডেন্ট হিসেবে তাঁকে পুনর্নির্বাচিত করার জন্য সমাবেশ থেকে জনগণের প্রতি আহ্বান জানাবেন বলে জানা গেছে।প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকানদলীয় মনোনয়নপ্রত্যাশী মিট রমনি পাঁচটি অঙ্গরাজ্যের প্রাথমিক বাছাইয়ে (প্রাইমারি) বিপুল ভোটে জয়ী হওয়ার এক দিন পর ওবামার এই ঘোষণা এল। চলতি সপ্তাহে ডেমোক্রেটদলীয় প্রেসিডেন্ট প্রার্থী ওবামা দেশের তরুণ ভোটারদের আকৃষ্ট করতে নর্থ ক্যারোলাইনা, কলোরাডো ও আইওয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শন করেন। আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু নিয়ে ওবামার নির্বাচনী ব্যবস্থাপক জিম মেসিনা সমর্থকদের উদ্দেশে পাঠানো এক ই-মেইল বার্তায় বলেন, ‘সমাবেশ দুটিতে প্রেসিডেন্ট ওবামা আগামী নির্বাচনে প্রকৃত ঝুঁকির বিষয়গুলো তুলে ধরবেন।’ এএফপি।