ওবামার কাছে গভীর অসন্তোষ ওঁলাদের

অভ্যন্তরীণ লাখ লাখ ফোনকল গোপনে রেকর্ড করার অভিযোগের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার কাছে গভীর অসন্তোষ প্রকাশ করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাসোয়া ওঁলাদে। একই সঙ্গে এ ঘটনার নিন্দাও জানিয়েছেন তিনি।
ফ্রান্সের প্রেসিডেন্টের দপ্তর থেকে দেওয়া বিবৃতির বরাত দিয়ে আজ মঙ্গলবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ওবামার সঙ্গে টেলিফোন আলাপে ওঁলাদে বলেন, বন্ধুপ্রতিম ও মিত্র দুই দেশের মধ্যে এ ধরনের ঘটনা অগ্রহণযোগ্য।
ফ্রান্সের প্রেসিডেন্ট ওবামাকে বলেন, লাখ লাখ ফোনকল গোপনে রেকর্ড করার মাধ্যমে ফ্রান্সের নাগরিকদের ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করা হয়েছে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের কাছে যথাযথ ব্যাখ্যাও দাবি করেছেন তিনি।
হোয়াইট হাউস থেকে দেওয়া এক বিবৃতিতে দুই নেতার মধ্যে টেলিফোন আলাপের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। দুই প্রেসিডেন্ট বিষয়টি নিয়ে আলোচনা করেছেন।
ফ্রান্সের অভ্যন্তরীণ লাখ লাখ ফোনকল গোপনে রেকর্ড করেছে মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসএ)। মার্কিন সাবেক গোয়েন্দাকর্মী এডওয়ার্ড স্নোডেনের ফাঁস করা নথির বরাত দিয়ে ফ্রান্সের দৈনিক লা মঁদ এ খবর দিয়েছে। এ ঘটনায় মার্কিন রাষ্ট্রদূতকে তলব করেছে ফ্রান্স।
লা মঁদ পত্রিকার অনলাইনে প্রকাশিত খবরে বলা হয়, মার্কিন গোয়েন্দা সংস্থা এনএসএ ফ্রান্সে ২০১২ সালের ১০ ডিসেম্বর থেকে ২০১৩ সালের ৮ জানুয়ারি—এই ৩০ দিনে সাত কোটি ৩০ লাখ ফোনকল রেকর্ড করে। এনএসএ ‘ইউএস-৯৮৫ডি’ সাংকেতিক নামের একটি কর্মসূচির আওতায় ফ্রান্সের নির্দিষ্ট ফোন নম্বরগুলোর কল রেকর্ড ও বার্তা আদান-প্রদান স্বয়ংক্রিয়ভাবে সংগ্রহ করে।
লা মঁদ-এর প্রতিবেদনে বলা হয়, নতুন এই নথিগুলো দেখে মনে হচ্ছে, এনএসএ কেবল সন্ত্রাসবাদের সঙ্গে সন্দেহভাজন জড়িত ব্যক্তিদেরই লক্ষ্যবস্তু বানায়নি, ব্যবসায়ী, রাজনীতিকসহ বিশ্বের পদস্থ ব্যক্তিরাও তাদের লক্ষ্যবস্তু ছিল।