ওবামার কাজে অখুশি তরুণ সমাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর তাঁর বড় ধরনের প্রতিটি পদক্ষেপে দেশের তরুণ সম্প্রদায় অখুশি। গতকাল বুধবার প্রকাশিত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এক সমীক্ষার ফলাফলে এ তথ্য উঠে এসেছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।
সমীক্ষা নিয়ে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, এর পরও তরুণ সমাজ এখনো ওবামাকেই ভোট দিতে চায়।
হার্ভার্ডস ইনস্টিটিউট অব পলিটিকস পরিচালিত দেশব্যাপী এ সমীক্ষায় দুই হাজার তরুণ-তরুণী অংশ নেন। অংশ নেওয়া তরুণদের বয়স ১৮ থেকে ২৯ বছর। যুক্তরাষ্ট্রের তরুণ ভোটারদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি তুলে ধরতে এ সমীক্ষা চালানো হয়।
গত ৩০ অক্টোবর থেকে ১১ নভেম্বর পর্যন্ত পরিচালিত এ সমীক্ষায় ৫০ শতাংশ তরুণ জানান, দ্বিতীয়বার নির্বাচিত হওয়ার পর ওবামা সিরিয়া, ইরান, মার্কিন অর্থনীতি, স্বাস্থ্যসেবা ও ফেডারেল বাজেট ঘাটতির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো দক্ষতার সঙ্গে মোকাবিলা করতে পারেননি। এর মধ্যে বেশির ভাগ তরুণ ওবামার অর্থনীতির বিষয়টিকে সবচেয়ে বেশি উদ্বেগের কারণ বলে উল্লেখ করেছেন।
সমীক্ষার ফলাফলে কংগ্রেসে রিপাবলিকানস ও ডেমোক্র্যাট উভয়ের ক্ষেত্রে অসমর্থনের পাল্লা ভারী হয়েছে। প্রায় ৪৬ শতাংশ তরুণ ভোটার বলেছেন, ২০১২ সালের নির্বাচনের পুনরাবৃত্তি ঘটলে তাঁরা এখনো ওবামাকেই ভোট দেবেন। ৩৫ শতাংশ তরুণ মিট রমনিকে সমর্থন করেছেন।