ওবামার জন্য আয়োজন
দায়িত্ব নেওয়ার প্রায় দুই বছরের মাথায় প্রথমবার ভারত সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। সঙ্গে আসছেন তাঁর স্ত্রী মিশেল ওবামা। ওবামা দম্পতির এই সফরকে স্মরণীয় করতে নানা উদ্যোগ নিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। ভারতের বৈচিত্র্যময় সংগীতের সঙ্গেও তারা পরিচয় করিয়ে দিতে চান মার্কিন নেতাকে। ৬ নভেম্বর ওবামার ভারতে পৌঁছার কথা।ওবামার সফর উপলক্ষে সংগীত পরিবেশনের জন্য ভারতের মেঘালয় রাজ্যের শিলং থেকে রাজধানী নয়াদিল্লিতে আমন্ত্রণ জানানো হয়েছে স্থানীয় সংগীত দল ‘শিলং চেম্বার কোইর’কে। আরও আমন্ত্রণ পেয়েছেন তামিলনাড়ুর একদল নাদাস্বরাম বাদক। নাদাস্বরাম তামিলনাড়ুর একটি ধ্রুপদি বাদ্যযন্ত্র। ওবামা দম্পতির সৌজন্যে ৮ নভেম্বর রাষ্ট্রপতি প্রতিভা পাতিল যে নৈশভোজের আয়োজন করেছেন, সেখানেই এই সংগীতশিল্পীরা গান-বাজনা পরিবেশন করবেন। নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ভারতে ‘রক’ সংগীতের রাজধানী হিসেবে পরিচিত শিলংয়ের সংগীত দলটি গড়ে তুলেছেন স্থানীয় তরুণ নেইল নঙ্গকিনরিহ। তিনি ইংল্যান্ডে সংগীতে তালিম নেন এবং কনসার্ট পিয়ানো বাদকে পরিণত হন। দেশে ফিরে তিনি ওই রাজ্যের তরুণদের নিয়ে একটি গানের দল গড়ে তোলেন। এই দলটিই চলতি মাসে স্থানীয় একটি টেলিভিশন রিয়ালিটি শোতে সেরা গানের দলের পুরস্কার পায়। জানা গেছে, ওবামা দম্পতির সামনে ‘টু গড বি দ্য গ্লোরি’, ‘ডিপ রিভার’সহ আরও কিছু গান পরিবেশন করতে পারে শিলং চেম্বার কোইর।নৈশভোজের আগে ওই সাংস্কৃতিক অনুষ্ঠানে মেঘালয়ের সংগীত দলটির পর বাদ্য পরিবেশন করবেন তামিলনাড়ুর নাদাস্বরাম বাদকেরা। সম্ভবত এই প্রথম ওবামার সফরসঙ্গীদের অনেকে নাদাস্বরামের বাজনা শুনবেন।