ওবামার দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার সম্ভাবনা উজ্জ্বল
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার দ্বিতীয়মেয়াদে নির্বাচিত হওয়ার সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠেছে বলে মনে হচ্ছে। ভোটাররা মনে করছেন, তিনি ভুল থেকে শিক্ষা নিয়েছেন।বারাক ওবামার পুনর্নির্বাচিত হওয়ার সম্ভাবনা বর্তমানে যতটা উজ্জ্বল বলে মনে হচ্ছে, ছয় সপ্তাহ আগেও এই সম্ভাবনা এতটা ছিল না। সম্প্রতি পরিচালিত এক জনমত জরিপে দেখা যায়, এই মুহূর্তে নির্বাচন হলে ওবামা জয়লাভ করবেন।মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির বিশাল হারের পর অনেকেই বারাক ওবামাকে এক মেয়াদের প্রেসিডেন্ট হিসেবে ভাবতে শুরু করে দিয়েছিলেন। প্রথম মেয়াদের মাঝামাঝি জায়গায় এসে ওবামার নজর যখন দ্বিতীয় মেয়াদের জন্য লড়াইয়ের দিকে, ঠিক ওই সময় তাঁর জনপ্রিয়তা বেড়ে গেছে।সমালোচকদের অভিযোগ, কর্মসংস্থান ও ব্যয় নিয়ে জাতির উদ্বেগ উপেক্ষা করে ওবামা উদারনৈতিক কার্যক্রম আঁকড়ে ধরে রেখেছেন। ওই সমালোচকেরাও এখন বলছেন, ওবামা তাঁর প্রথম দুই বছরের ভুলগুলো উপলব্ধি করছেন। আপস-মীমাংসার কৌশল শিখছেন এবং দলীয় ব্যক্তি হিসেবে নয়, বরং প্রেসিডেন্ট হিসেবেই কর্মকাণ্ড পরিচালনা করছেন।বারাক ওবামার স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণের পর তাৎক্ষণিকভাবে নেওয়া জনমত জরিপে দেখা গেছে, তাঁর প্রতি জনসমর্থন অনেক বেড়েছে। তাৎক্ষণিকভাবে সিবিএস পরিচালিত জরিপে দেখা যায়, ওবামা যে পন্থায় অর্থনীতি পরিচালনা করছেন, তাঁর প্রতি সমর্থন ২৯ শতাংশ বেড়েছে।বারাক ওবামার অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রশংসা করেছেন অনেকেই। উইসকনসিন অঙ্গরাজ্যের মেনিটোক কাউন্টির প্রধান নির্বাহী বব জিজিলবাউয়ের বলেন, প্রেসিডেন্ট প্রথমবারের মতো পণ্য উৎপাদনের (ম্যানুফ্যাকচারিং) কথা বলেছেন। তিনি বলেন, এর আগে হোয়াইট হাউসের অভিব্যক্তি এই রকম ছিল যে এটা খুব একটা গুরুত্বপূর্ণ কিছু নয়। বব জিজিলবাউয়ের এ কথাও বলেন, প্রেসিডেন্ট যা যা বলছেন, তার সব কটির সঙ্গে তিনি একমত নন।অর্থনৈতিক উন্নয়ন সম্পর্কে মতামত নেওয়ার জন্য প্রেসিডেন্ট ওবামা সম্প্রতি শীর্ষস্থানীয় প্রধান নির্বাহীদের সঙ্গে বৈঠকে মিলিত হন।বিলাসবহুল ইয়ট নির্মাতা প্রতিষ্ঠান বার্জার বোট কোম্পানির প্রেসিডেন্ট জিম রাফালো বলেন, মধ্যবর্তী নির্বাচনে বাজেভাবে হেরে যাওয়ার পর প্রেসিডেন্ট ওবামা মানুষের কথা শুনতে শুরু করেছেন। ওবামা একেবারেই নবীন ও কাঁচা ছিলেন। এ ছাড়া তাঁর যথেষ্ট অভিজ্ঞতাও নেই। তিনি হয়তো অভিজ্ঞতা অর্জন করবেন।সম্প্রতি নেওয়া এক জনমত জরিপে দেখা যায়, ৪৯ শতাংশ মার্কিন নাগরিক ওবামার কর্মকাণ্ড অনুমোদন করেছেন, যা ছয় মাসের মধ্যে সর্বোচ্চ। অন্যদিকে তাঁর কর্মকাণ্ড অনুমোদন করেননি ৪২ শতাংশ নাগরিক। টেলিগ্রাফ।