ওবামার নিরাপত্তাকর্মী 'মাতাল' ছিলেন
নেদারল্যান্ডসে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার নিরাপত্তার দায়িত্বে অবহেলার অভিযোগে সোমবার গোয়েন্দা সংস্থার তিন সদস্যকে দেশে পাঠানো হয়েছে।
ওয়াশিংটন পোস্ট-এর এক খবরে বলা হয়, মার্কিন গোয়েন্দা সংস্থার ওই তিন সদস্যের একজন আমস্টারডামের একটি হোটেলে মাতাল অবস্থায় ছিলেন। অন্য দুজনও শৃঙ্খলা ভঙ্গ করেন।
মার্কিন গোয়েন্দা সংস্থার এক মুখপাত্র এ বিষয়ে বিস্তারিত তথ্য দিতে অস্বীকৃতি জানান। তবে তিনি বলেন, ওই তিনজনের বিরুদ্ধে ‘শৃঙ্খলা ভঙ্গের’ অভিযোগে তদন্ত চলছে। তাঁদের প্রশাসনিক ছুটিতে পাঠানো হয়েছে।
গত বছর যৌন হয়রানি ও অশোভন আচরণের অপরাধে ওবামার নিরাপত্তার দায়িত্বে থাকা দুই গোয়েন্দা কর্মকর্তাকে সরিয়ে দেওয়া হয়েছিল।
এর আগে ২০১২ সালে কলম্বিয়ায় একদল যৌনকর্মীকে তাঁদের হোটেলে নিয়ে পরে অর্থ পরিশোধ না করার কেলেঙ্কারির মুখে কয়েকজন গোয়েন্দা কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছিল।
গোয়েন্দা সংস্থার মুখপাত্র এড দোনাভান বলেন, ওবামা নেদারল্যান্ডসে পারমাণবিক নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে যাওয়ার আগে শৃঙ্খলা ভঙ্গের ওই ঘটনা ঘটে। তবে এতে প্রেসিডেন্টের নিরাপত্তা বিঘ্নিত হয়নি। বিবিসি।