ওবামার নিরাপত্তায় নিয়োজিত গোয়েন্দার ‘আত্মহত্যা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার নিরাপত্তায় নিয়োজিত একজন গোয়েন্দা কর্মকর্তা দৃশ্যত আত্মহত্যা করেছেন। নিরাপত্তা কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।ওই বিশেষ গোয়েন্দার নাম রাফায়েল প্রিয়েতো। কর্মকর্তারা জানিয়েছেন, আইন লঙ্ঘন করে গোয়েন্দা হিসেবে দায়িত্ব পালনকালে একজন বিদেশিনীর সঙ্গে রাফায়েল অন্তরঙ্গ সম্পর্ক রেখেছিলেন বলে অভিযোগ ওঠার পর এ বিষয়ে তদন্ত শুরু হয়। কিন্তু তদন্ত চলাকালেই তিনি আত্মহত্যা করলেন।গোয়েন্দা কর্মকর্তারা বলেছেন, এক মেক্সিকান নারীর সঙ্গে রাফায়েলের সম্পর্ক ছিল বলে তিনি স্বীকার করেছিলেন। তবে এ সম্পর্কের বিষয়টি ব্যাখ্যা করতে ব্যর্থ হন। ওয়াশিংটনের মেট্রোপলিটন পুলিশ বিষয়টি তদন্ত করেছে। তারা জানায়, প্রিয়েতোকে গাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায়। গাড়ির ইঞ্জিন তখনো চালু ছিল। পুলিশ ধারণা করছে, কার্বন মনো-অক্সাইডের বিষাক্ততার কারণে তাঁর মৃত্যু হয়েছে।এ বছরের শুরুতে কলম্বিয়ায় এক যৌনকর্মী নিয়ে কেলেঙ্কারির পরে গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের ওপর নজরদারি বাড়ানো হয়েছিল।বছরের শুরুতে এপ্রিলে কলম্বিয়ার কার্তাজেনায় প্রেসিডেন্ট বারাক ওবামার একটি সম্মেলন ছিল। প্রেসিডেন্টের নিরাপত্তা নিশ্চিত করতে কিছু গোয়েন্দা কর্মকর্তা সম্মেলনের আগেই সেখানে গিয়েছিলেন। এ সময় তাঁরা যৌনকর্মী ভাড়া করেন। বিষয়টি সংস্থা জানার পর ঘটনার সংশ্লিষ্ট কয়েকজনকে চাকরিচ্যুত করে। বিবিসি।