ওবামার নির্বাচনী তহবিল সংগ্রহে ক্লুনির নৈশভোজ
যুক্তরাষ্ট্রে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে বারাক ওবামার তহবিল সংগ্রহে নৈশভোজের আয়োজন করবেন হলিউডের তারকা অভিনেতা জর্জ ক্লুনি। তাঁর লস অ্যাঞ্জেলেসের বাড়িতে আগামী ১০ মে এই নৈশভোজের আয়োজন করা হবে।‘ওবামার সঙ্গে নৈশভোজ’ শীর্ষক এই আয়োজন থেকে ৬০ লাখ মার্কিন ডলার তহবিল জোগাড় করা হবে বলে আশা করা হচ্ছে। রিপাবলিকান পার্টির সম্ভাব্য প্রার্থী মিট রমনির বিরুদ্ধে নির্বাচনী লড়াইয়ে প্রয়োজনীয় তহবিল সংগ্রহের পাশাপাশি তৃণমূল পর্যায়ের সমর্থকদের মধ্যে প্রচারণা চালাবেন ওবামা।ওবামা-সমর্থকদের সর্বনিম্ন তিন ডলারের বিনিময়ে ‘ওবামা, ক্লুনি অ্যান্ড ইউ’ নামের ওয়েবপেইজে একটি প্রতিযোগিতায় অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে। এতে বিজয়ীরা নৈশভোজে অংশগ্রহণের সুযোগ পাবেন।ওয়েবসাইটে বলা হয়, ‘প্রেসিডেন্টকে পুনর্নির্বাচিত করতে কাজ করছেন জর্জ ক্লুনি। তবে তিনি জানেন, আপনাদের মতো তৃণমূল পর্যায়ের সমর্থকেরাই এই নির্বাচনে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। তাই তহবিল সংগ্রহের এই অনুষ্ঠানের অংশীদার হতে তিনি আপনাদের আমন্ত্রণ জানিয়েছেন।’ওবামার নির্বাচনী প্রচারাভিযানের একজন কর্মকর্তা বলেন, আকর্ষণীয় ওই নৈশভোজে তারকাদের ব্যাপক উপস্থিতি থাকবে। এএফপি।