ওবামার নিয়ম রক্ষার শপথ আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাপ্তাহিক ছুটির কারণে প্রেসিডেন্ট বারাক ওবামার দ্বিতীয় মেয়াদে শপথ অনুষ্ঠান এক দিন পেছানো হয়েছে। কাল সোমবার দ্বিতীয় মেয়াদে শপথ নিচ্ছেন তিনি। তবে সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে আজ রোববার নিয়ম রক্ষার শপথ নেবেন ওবামা।ওবামার শপথ অনুষ্ঠান ঘিরে রাজধানীজুড়ে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। এ অনুষ্ঠানে যোগ দিতে সারা দেশ থেকে হাজার হাজার মানুষ রাজধানী ওয়াশিংটন ডিসিতে আসছে।মানবাধিকার আন্দোলনের নন্দিত নেতা মার্টিন লুথার কিংয়ের জন্মবার্ষিকীও ওয়াশিংটন ডিসিতে ঘটা করে পালিত হয় জানুয়ারির তৃতীয় সোমবার। এই দিনে রাজধানীতে গোটা দেশ থেকে মানবাধিকারকর্মী ও সংগঠকদের সমাগম ঘটে। এবার একই দিনে প্রেসিডেন্ট ওবামা শপথ নিতে যাচ্ছেন। তাই কৃষ্ণাঙ্গ ওই দুই নেতার সমর্থকদের কাছে দিনটি নতুন মাত্রা পেয়েছে। যুক্তরাষ্ট্রের সংবিধানের ২০তম সংশোধনী অনুযায়ী ২০ জানুয়ারি দুপুর থেকে প্রেসিডেন্টের চার বছরের মেয়াদ শুরু হয়। চলতি বছর ২০ জানুয়ারি রোববার সাপ্তাহিক ছুটি। তাই আজ নিয়মরক্ষায় আনুষ্ঠানিক শপথ নেবেন প্রেসিডেন্ট ওবামা এবং ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। জনসমক্ষে শপথ অনুষ্ঠান হবে কাল। এবারের শপথ অনুষ্ঠানের আয়োজন অনেকটাই অনাড়ম্বর। বেকারত্বের উচ্চহার, বাজেট ঘাটতি, আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ, অভিবাসন প্রভৃতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দলের ভেতরে-বাইরে বিতর্ক চলছে। তাই ওবামার নতুন মেয়াদে শপথ অনুষ্ঠানের আয়োজনে উৎসবের আমেজ যেন অনেকটাই কম। এবারের আয়োজনে যুক্তরাষ্ট্রের ভবিষ্যতের ওপর জনগণের আস্থা বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। মার্টিন লুথার কিং স্মরণে গতকাল শনিবার যুক্তরাষ্ট্রজুড়ে সেবা দিবস পালনের ডাক দেন প্রেসিডেন্ট ওবামা। বিভিন্ন সেবামূলক কার্যক্রমের মধ্য দিয়ে জনসাধারণের মধ্যে দিবসটি পালিত হয়। হোয়াইট হাউসে কাল সোমবার সকালে বাইবেল হাতে শপথ নেবেন ওবামা। ২০০৯ সালের মতো এবারও প্রধান বিচারপতি জন রবার্টস তাঁকে শপথবাক্য পাঠ করাবেন। ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনকে শপথ করাবেন সুপ্রিম কোর্টের বিচারপতি সোনিয়া সটোমায়র। ১৯৩৩ সাল থেকে প্রচলিত রীতি অনুযায়ী সেন্ট জন্স গির্জায় বিশেষ প্রার্থনায় যোগ দেবেন ওবামা। নতুন মেয়াদে দায়িত্ব গ্রহণের পর তিনি ১৭৮৯ সাল থেকে প্রচলিত রীতি অনুযায়ী প্রথম ভাষণ দেবেন। এতে আগামী চার বছরে জনগণের উন্নয়ন, পরিবর্তন এবং বিশ্ব রাজনীতির একটি সংক্ষিপ্ত রূপরেখা তুলে ধরা হবে।শপথ অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশন করবেন পপ তারকা বিয়ন্স। আমেরিকান আইডল বিজয়ী শিল্পী কেলি ক্লার্কসন গাইবেন ‘মাই কানট্রি’ এবং শিল্পী জেমস টেইলর গাইবেন ‘আমেরিকা, দ্য বিউটিফুল’ গানটি। এ ছাড়া কবিতা পাঠ করবেন হিসপানিক এবং সমকামী কবি রিচার্ড ব্লানকো। ওবামার শপথকে স্বাগত জানাতে শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। হোয়াইট হাউসসংলগ্ন পেনসিলভেনিয়া অ্যাভিনিউ ধরে ওই শোভাযাত্রায় থাকবেন মার্কিন সেনাসদস্য ও সাবেক যোদ্ধারা। দেশের সব অঙ্গরাজ্য থেকে আগত লোকজন কড়া নিরাপত্তাবেষ্টনীর মধ্যে ওই শোভাযাত্রায় অংশ নেবে। ওয়াশিংটন ন্যাশনাল ক্যাথেড্রাল গির্জায় আগামী মঙ্গলবার সকালে প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টের বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে শপথের আনুষ্ঠানিকতা শেষ হবে।