ওবামার পাশে দাঁড়ালেন ক্লিনটন, প্রশংসায় পঞ্চমুখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন নির্বাচনের আগে ব্যক্তিগত ভাবমূর্তি আরও উজ্জ্বল ও তহবিল গঠনের ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে পরামর্শ দিয়েছেন। গত রোববার এক অনুষ্ঠানে তিনি ওবামাকে এসব পরামর্শ দেন। ভার্জিনিয়ায় পুরোনো রাজনৈতিক মিত্র টেরি ম্যাকঅলিফের বাসায় এক অনুষ্ঠানে সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট বর্তমান প্রেসিডেন্ট ওবামার পাশে বসেন। এ সময় তিনি ওবামাকে উষ্ণ সমর্থন জানান এবং তাঁর ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি রিপাব-লিকানদেরও তিনি একচোট নেন। অনুষ্ঠানে ক্লিনটন বলেন, যুক্তরাষ্ট্রে আবার প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার জন্য সব ধরনের যোগ্যতাই ওবামার রয়েছে। এরপর ক্লিনটন ওবামার নির্বাচনী প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান পার্টির মিট রমনির উদ্দেশে বলেন, ওবামা এমন একজন প্রতিদ্বন্দ্বীকে পেয়েছেন, যাঁদের নতুন কিছু করে দেখানোর নেই। যুক্তরাষ্ট্রের মন্দার জন্য ওবামা দায়ী—রিপাবলিকানদের এ ধরনের অভিযোগ প্রত্যাখ্যান করে ক্লিন্টন বলেন, ‘রিপাবলিকানদের কথায় কান দেবেন না, আমরা পিছিয়ে নেই, সময়ের সঙ্গে চলছি।’ গত বছর মার্কিন সেনা অভিযানে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠন আল-কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনের নিহত হওয়ার ঘটনায় ওবামার ভূয়সী প্রশংসা করেন ক্লিনটন। এদিকে ওই অনুষ্ঠানে প্রেসিডেন্ট ওবামাও দেশটির সাবেক প্রেসিডেন্ট ক্লিনটনের প্রশংসা করেন। তাঁর মতে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের মধ্যে বিল ক্লিনটন যথেষ্ট জনপ্রিয় ছিলেন। এক টালমাটাল সময়ে ক্লিনটন ডেমোক্রেটিক পার্টির হাল ধরেছিলেন। অনুষ্ঠানে ওবামা নির্বাচনী প্রতিদ্বন্দ্বী মিট রমনির পররাষ্ট্রনীতিকে কটাক্ষ করে বলেন, ম্যাসাচুসেটসের এই সাবেক গভর্নর মস্কোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক পুনঃস্থাপন নিয়ে সমালোচনা করেছিলেন। ওবামা অভিযোগ করে বলেন, ‘রমনির এ সমালোচনায় মনে হয়, আমাদের প্রধান শত্রু আল-কায়েদা নয়, রাশিয়া।’ অভ্যর্থনা অনুষ্ঠানে ডেমোক্রেটিক পার্টির ৫০০-এর বেশি সমর্থক যোগ দেন। তাঁরা প্রত্যেকে এক হাজার করে ডলার দেন। এ ছাড়া ৮০ জন সমর্থক সাবেক ও বর্তমান দুই প্রেসিডেন্টের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন। এ জন্য তাঁরা প্রত্যেকে ২০ হাজার ডলার করে পরিশোধ করেন। এএফপি।