ওবামার বিরুদ্ধে চীনা কোম্পানির মামলা
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার বিরুদ্ধে মামলা করেছে চীনের একটি বায়ুবিদ্যুৎ কোম্পানি। মামলায় অভিযোগ করা হয়েছে, জাতীয় নিরাপত্তার অজুহাত দেখিয়ে ওই কোম্পানির একটি প্রকল্প ওবামা ‘বেআইনিভাবে’ বাতিল করেছেন। গত সোমবার মামলাটি দায়ের করা হলেও পরদিন মঙ্গলবার খবরটি প্রকাশ পায়।র্যালস করপোরেশন নামের ব্যক্তিমালিকানাধীন ওই কোম্পানি চলতি বছরের শুরুর দিকে অরেগন অঙ্গরাজ্যে নৌবাহিনীর একটি প্রশিক্ষণকেন্দ্রের কাছে সংরক্ষিত এলাকায় চারটি বায়ুকল বসানোর অনুমতি পায় এবং এ-সংক্রান্ত চুক্তিও হয়। কিন্তু গত সপ্তাহে ওবামা ওই চুক্তিটি বাতিলের পক্ষে সই করেন। এর ফলে ওই প্রকল্প থেকে বিনিয়োগ প্রত্যাহার করতে বাধ্য হয় চীনের দুই নাগরিকের মালিকানাধীন ওই কোম্পানি। গত ২২ বছরের মধ্যে যুক্তরাষ্ট্রে এই প্রথম কোনো বিদেশি বিনিয়োগ বাতিল করে দেওয়া হলো। মামলার এজাহারে বলা হয়, মার্কিন প্রেসিডেন্টের এই পদক্ষেপ বেআইনি। ক্ষমতার অপব্যবহার করেছেন তিনি। বিবিসি।