ওবামার ভাষণকে স্বাগত জানাল পাকিস্তান ও ইয়েমেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বারাক ওবামা
বারাক ওবামা

সন্ত্রাসবাদবিরোধী অভিযান ও চালকবিহীন বিমান (ড্রোন) কর্মসূচির বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার দেওয়া নীতিনির্ধারণী ভাষণকে স্বাগত জানিয়েছে পাকিস্তান ও ইয়েমেন। তবে ড্রোন হামলা বন্ধের ঘোষণা না দেওয়ায় ওবামার সমালোচনা করেছেন পাকিস্তানের কর্মকর্তারা।

গতকাল শুক্রবার ‘ওয়াশিংটন টাইমস’-এ প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

গত বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসির ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটিতে সন্ত্রাসবাদবিরোধী অভিযান ও ড্রোন কর্মসূচির বিষয়ে গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী ভাষণ দেন ওবামা।

পাকিস্তানসহ বিভিন্ন দেশে জঙ্গিদের ওপর ড্রোন হামলাকে ‘স্রেফ আত্মরক্ষার’ যুদ্ধ বলে দাবি করেন তিনি। ওবামা বলেন, যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবাদবিরোধী যুদ্ধের ক্ষেত্রে ড্রোনের ব্যবহার ‘আইনসিদ্ধ, কার্যকর ও প্রয়োজনীয়’ অস্ত্র। তিনি অবশ্য স্বীকার করেন, লক্ষ্যবস্তু ঠিক করে এভাবে হামলা চালানোর মাধ্যমে সব সমস্যার সমাধান হবে না। এসব হামলার ঘটনায় অনিচ্ছাকৃতভাবে বেসামরিক লোক নিহত হওয়ার ঘটনা তাঁকে নাড়া দিয়েছে বলে মন্তব্য করেন ওবামা।

পর্যবেক্ষকদের মতে, ওবামার ভাষণে একটা বিষয় স্পষ্ট, সন্ত্রাসবিরোধী যুদ্ধের ১২ বছর পর ড্রোন হামলার মতো বিতর্কিত কিছু অনুষঙ্গ থেকে বেরিয়ে আসতে চাইছেন মার্কিন প্রেসিডেন্ট।

নীতিনির্ধারণী এই ভাষণে ওবামা গুয়ানতানামো বে কারাগার নিয়েও কথা বলেছেন। তিনি বলেন, ‘সারা বিশ্বে গুয়ানতানামো বে কারাগার যুক্তরাষ্ট্রের হাতে আইনের শাসনকে তাচ্ছিল্য করার প্রতীকে পরিণত হয়েছে।’ ওবামা ঘোষণা দেন, গুয়ানতানামো বে কারাগারে বন্দী সন্দেহভাজনদের স্বদেশে ফেরত পাঠানোর ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে।

ওবামার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ইয়েমেন। দেশটির প্রধানমন্ত্রীর উপদেষ্টা রাগেহ বাদি মার্কিন প্রেসিডেন্টের ভাষণকে দায়িত্বশীল বলে উল্লেখ করেছেন।

গুয়ানতানামো বে কারাগারে বন্দী সন্দেহভাজনদের স্বদেশে ফেরত পাঠানোর ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার  ঘোষণাকে পাকিস্তানও স্বাগত জানিয়েছে। তবে দেশটির কাছে ড্রোন হামলার বিষয়টিই বেশি গুরুত্বপূর্ণ। শুরু থেকে ড্রোন হামলা বন্ধের দাবি জানিয়ে আসছে পাকিস্তান। যুক্তরাষ্ট্র সন্ত্রাসবাদবিরোধী যুদ্ধের নামে পাকিস্তানে বছরের পর বছর ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে। এতে অনেক বেসামরিক মানুষ নিহত হয়েছে। মার্কিন চিন্তাশালা প্রতিষ্ঠান নিউ আমেরিকা ফাউন্ডেশনের হিসাব অনুযায়ী, ২০০৪ সাল থেকে পাকিস্তানে ৩৫৫টি ড্রোন হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে তিন হাজার ৩৩৬ জন নিহত হয়।

পাকিস্তান সিনেটের প্রতিরক্ষা কমিটির চেয়ারম্যান মুশাহিদ হুসাইন তাঁর প্রতিক্রিয়ায় বলেন, আলোচিত ড্রোন হামলার বিষয়ে অবশেষে মুখ খুললেন ওবামা। এটা ভালো দিক। তবে ড্রোন হামলা বন্ধ না হওয়া পর্যন্ত পাকিস্তানের জনগণের জন্য এটা যথেষ্ট নয়।