ওবামার মাথাব্যথা হবে অর্থনীতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বারাক ওবামা প্রেসিডেন্ট পদে পুনর্নির্বাচিত হলে পাবেন গভীরভাবে দ্বিধাবিভক্ত একটি দেশ। ক্ষমতায় এসেই বাজেট-ঘাটতি ও সরকারি ঋণের পাহাড় মোকাবিলার মতো আর্থিক সমস্যা মোকাবিলা করতে হবে বলে নির্বাচন-পরবর্তী সমঝোতার অবকাশ পাবেন কম। এ ছাড়া বেশির ভাগ ডেমোক্র্যাট সমর্থক ও অনেক বিশেষজ্ঞ মনে করেন, যুক্তরাষ্ট্রের ভেঙে পড়া অভিবাসন ব্যবস্থায় কিছু সংস্কার আনবেন ওবামা।মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার একটা বড় অংশজুড়ে থাকে প্রার্থীদের মধ্যে কাদা ছোড়াছুড়ি। তবে চলমান রাজনৈতিক বিভেদের প্রেক্ষাপটে এবার পরস্পরের সমালোচনা পেয়েছে নতুন মাত্রা। নির্বাচনী সমাবেশে ওবামার সহযোগী একজন নেতা যদি রমনির বিরুদ্ধে সহানুভূতির অভিনয় করার অভিযোগ তুলেছেন তো রমনির সমর্থক প্রশ্ন তুলেছেন ওবামার দেশপ্রেম নিয়ে। বিশ্লেষকেরা বলছেন, এগুলো সাধারণ নির্বাচনী বাকযুদ্ধ নয়। কথাগুলো এসেছে পোড় খাওয়া মূলধারার নেতাদের মুখ থেকে। এ কারণে বলা হচ্ছে, আজকের নির্বাচনে যিনিই জিতুন, রাজনীতির অঙ্গনে বিদ্যমান তিক্ততার কারণে দেশ চালানো তাঁর জন্য দুরূহ হবে। কংগ্রেসের দলীয় বিভাজন মোটামুটি একই থাকবে, যা পরিস্থিতিকে আরও জটিল করবে। ওবামা জয়ী হলেও প্রচারণা নিয়ে যে রেষারেষির চর্চা হয়েছে, এত দিন তার ক্ষতে ওষুধ দেওয়ার সময় পাবেন না। জ্যেষ্ঠ ডেমোক্র্যাট নেতারা বলছেন, ওবামা কীভাবে বিষয়টি মোকাবিলা করবেন, তা নির্ভর করবে তাঁর বিজয়ে রিপাবলিকানদের প্রতিক্রিয়ার ওপর। কেউ কেউ মনে করেন, ওবামা জয়ী হলে রিপাবলিকানরা আত্মমূল্যায়নে বাধ্য হবে। রিপাবলিকান ও ডেমোক্র্যাট উভয় পক্ষই মোটের ওপর মানেন যে করনীতি, সরকারি ব্যয় হ্রাস ও ঋণের সীমা নির্ধারণ সমস্যার সমাধানে সবচেয়ে ভালো পন্থা হচ্ছে একটি বড় ধরনের সংস্কার। কিন্তু সংস্কারের পদ্ধতিটি কী হবে, সেটা নিয়েই বাধবে বিরোধ।আরেকটি বড় বিষয় হচ্ছে, অভিবাসন ব্যবস্থার সমন্বিত সংস্কার। ওবামা আগেরবার এ প্রতিশ্রুতি দিয়ে তা রাখতে ব্যর্থ হয়েছেন। প্রথম মেয়াদের শেষ দিকে এসে অবশ্য অবৈধ অভিবাসীদের সন্তানদের বিষয়ে মনোযোগ দিয়েছেন। তবে প্রেসিডেন্ট নিজেই বলেছিলেন, তিনি আবার এদিকে নজর দেবেন দ্বিতীয় মেয়াদের শুরুতে। এ ইস্যুতে রিপাবলিকানদের তীব্র সমালোচনা করেছেন ওবামা। তিনি যে অবৈধ অভিবাসীদের জন্য সত্যিই বড় কিছু করবেন, তার ইঙ্গিত মেলে দে মইন রেজিস্টার পত্রিকায় প্রকাশিত এক বক্তব্যে। সেখানে তিনি বলেন, ‘আমি যদি দ্বিতীয় মেয়াদে বিজয়ী হই তার বড় কারণ হবে রিপাবলিকান প্রার্থী ও তাঁর দলের লাতিনোদের অনেক দূরে সরিয়ে দেওয়া। স্প্যানিশভাষী লাতিনোরা যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সংখ্যালঘু জাতিগত গোষ্ঠীগুলোর অন্যতম। আর অবৈধ অভিবাসীদের একটা বড় অংশই লাতিনো। বারাক ওবামা আশা প্রকাশ করেছেন, তাঁর বিজয়ের পর রিপাবলিকান পার্টি স্বভাব বদলে তাঁকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। তাঁর ভাষ্য: ‘নির্বাচন হয়ে যাওয়ার পর বিরোধিতার মানে নেই, আমিও আর নির্বাচন করতে যাব না।’ তবে ডেমোক্র্যাটদের মধ্যেই অনেকে মনে করেন, পরিবর্তন আসা উচিত প্রেসিডেন্টের নিজের মধ্যেও। একজন জ্যেষ্ঠ ডেমোক্র্যাট নেতা বলেন, ‘তাঁর উচিত রিপাবলিকানদের সঙ্গে কাজ করা, তাঁদের বিরুদ্ধে নয়।’