ওবামার মূল্যবান অস্ত্র ক্লিনটন
সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন গত বুধবার ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলনে বক্তব্য দেন। এ দিন সম্মেলনে অনেকেই বক্তৃতা করেন। তবে ক্লিনটন প্রেসিডেন্ট বারাক ওবামার পক্ষে যেসব অকাট্য যুক্তি দেখিয়েছেন, তা অন্য সব বক্তার সমষ্টিকে ছাড়িয়ে গেছে। ক্লিনটন দেখিয়ে দিয়েছেন, তিনিই ওবামার সবচেয়ে মূল্যবান অস্ত্র।নর্থ ক্যারোলাইনার শার্লট শহরে ওই সম্মেলনে ক্লিনটন মাত্র ৪৯ মিনিট বক্তব্য দেন। বিশ্লেষকদের মতে, এই ৪৯ মিনিটেই তিনি ওবামার নির্বাচনী প্রচারণার কেন্দ্রীয় যুক্তির পূর্ণতা দিতে সক্ষম হয়েছেন। তা হলো, মার্কিন ভোটারদের হয় ডেমোক্র্যাটদের বিস্তৃত সমৃদ্ধির নীতি, না-হয় রিপাবলিকানদের ধনিক শ্রেণীর সুবিধা দেওয়ার নীতিকে বেছে নিতে হবে।ক্লিনটন এখানেই থামেননি। তিনি সামাল দিয়েছেন ওবামার ২০০৯ সালের প্রণোদনা প্যাকেজ, শিক্ষার্থীদের সহায়তায় ব্যয় এবং নবায়নযোগ্য জ্বালানি খাতের প্রসার ঘটানোর প্রচেষ্টার মতো পদক্ষেপগুলোকে। ওবামার এসব পদক্ষেপ নিয়ে দেশে সমালোচনা ওঠে। কীভাবে ওবামার স্বাস্থ্যসেবা আইন সাধারণ আমেরিকানদের সুবিধা দেবে, ক্লিনটর তার ব্যাখ্যা দেন। তিনি সতর্ক করে দেন, স্বাস্থ্য খাতে ব্যয় কর্তনে রিপাবলিকানদের পরিকল্পনা সমাজের দরিদ্র এবং অরক্ষিত সদস্যদের ক্ষতি করতে পারে। তাঁর যুক্তি, রিপাবলিকানরা দেশের আর্থিক দুর্দশার পরিস্থিতিকে আরও ঘনীভূত করবে।গত সপ্তাহের শেষে রিপাবলিকানরা ভোটারদের উদ্দেশে ‘চার বছর আগের তুলনায় আমেরিকানরা কি এখন ভালো আছে?’ এই প্রশ্ন ছুড়ে দিয়ে ওবামার সমর্থকদের প্রাথমিকভাবে বিভ্রান্ত করে ফেলেছিল। ক্লিনটনই এই পরিস্থিতিরও সামাল দিলেন। সম্মেলনে তিনি বললেন, ‘ওই প্রশ্নের উত্তর হলো, হ্যাঁ। তবে অনেকেই এটা এখনো অনুভব করছে না।ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া-সান ডিয়াগোর অধ্যাপক প্রখ্যাত রাজনীতিবিজ্ঞানী স্যামুয়েল পপকিনের মতে, আগামী ৬ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের আগের এই দুই মাসে ক্লিনটনের যুক্তিগুলোকেই ঘুরিয়ে-ফিরিয়ে ব্যবহার করবে ডেমোক্র্যাটরা। তিনি বলেন, ‘অন্যদের তুলনায় তিনি (ক্লিনটন) অপেক্ষাকৃত ভালোভাবে ওবামার বার্তা বহন করে দিয়েছেন।’যদিও ক্লিনটন মৃদুভাষী, ডেমোক্র্যাট এবং রিপাবলিকান উভয় পার্টির লোকজনই এটা স্বীকার করেন, কোনো জটিল বিষয়ের ব্যাখ্যায় তাঁর সমতুল্য লোক যৎসামান্যই আছে।বিশ্লেষকদের মতে, সম্মেলনের অন্য বক্তারা প্রজননের অধিকার ও অবৈধ শিশু অভিবাসীদের জন্য সাধারণ ক্ষমার মতো বিষয়গুলোর ওপর আলোকপাত করলেও ক্লিনটনের লক্ষ্য ছিল বড় পরিসরের। তিনি প্রেসিডেন্ট হিসেবে ওবামার সফলতা-ব্যর্থতা এবং রমনির নির্বাচনী প্রতিশ্রুতি নিয়ে খোলামেলা আলোচনার মাধ্যমে স্বতন্ত্র ভোটারদের সমর্থন ডেমোক্র্যাটদের পক্ষে আনার চেষ্টা করেছেন। ওবামাকে আরও চার বছর সময় দিলে তারা উন্নতির দিশা পাবে কি না এ বিষয়ে এসব স্বতন্ত্র ভোটার এখনো সন্দিহান। তবে ক্লিনটন তাঁদের সেই সন্দেহ দূর করার চেষ্টা করেছেন।হান্টার কলেজের রাজনীতিবিজ্ঞানের অধ্যাপক অ্যান্ড্রু পোলস্কির মতে, বিল ক্লিনটন হচ্ছেন সেই ‘ক্লিন হিটার’, যিনি মার্কিন ভোটারদের কেন্দ্রবিন্দুকে লক্ষ্যে নিয়েছেন। রয়টার্স।