ওবামার মেয়াদেই অভিবাসন সংস্কার আইন: নীনা আহমেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক বাংলা উত্সব ও বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন নীনা আহমেদ। ছবি: প্রথম আলো
আন্তর্জাতিক বাংলা উত্সব ও বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন নীনা আহমেদ। ছবি: প্রথম আলো

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার এশীয়-প্রশান্ত মহাসাগরীয় কমিটির উপদেষ্টা নীনা আহমেদ বলেছেন, ওবামা প্রশাসনের উপদেষ্টা হিসেবে তাঁর প্রধান কাজ মূলত অভ্যন্তরীণ বিষয়ে। প্রেসিডেন্ট বারাক ওবামার মেয়াদেই অভিবাসন সংস্কার আইন প্রণয়ন করা হবে।
গতকাল শুক্রবার নিউইয়র্কের লং আইল্যান্ড সিটিতে আন্তর্জাতিক বাংলা উত্সব ও বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে ওবামা প্রশাসনে যোগ দেওয়া প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত নীনা আহমেদ প্রথম আলোকে এসব কথা বলেন।
নিউইয়র্কের মুক্তধারা ফাউন্ডেশন আয়োজিত তিন দিনব্যাপী বাংলা উত্সব এবং বই মেলার উদ্বোধন কবি মহাদেব সাহা। অনুষ্ঠানের মূল মঞ্চের পাশের মিলনায়তনে মুক্তিযুদ্ধবিষয়ক তিন দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনীও শুরু হয়েছে।
নীনা আহমেদ বলেন, অভিবাসন বিষয়ে রিপাবলিকানদের সঙ্গে রাজনৈতিক সমঝোতা হচ্ছে। ইতিমধ্যে নির্বাহী আদেশের মধ্য দিয়ে ওবামা প্রশাসনের পক্ষ থেকে বেশ কিছু অভিবাসন বান্ধব পদক্ষেপ নেওয়া হয়েছে। এ সময় বাংলাদেশের তৈরি পোশাক খাতে যুক্তরাষ্ট্রের জিএসপি সুবিধা-সংক্রান্ত প্রশ্ন করলে এড়িয়ে যান নীনা আহমেদ।
নীনা আহমেদ বলেন, ‘গন্তব্যে পৌঁছার জন্যই আমাদের উেসর সঙ্গে সম্পর্ক দৃঢ় রাখতে হবে। নতুন প্রজন্মের বাংলাদেশিদের মধ্যে বাংলা ভাষার চর্চা অব্যাহত রাখতে হবে।’ যুক্তরাষ্ট্রে যারা একাধিক ভাষায় পারদর্শী কর্মক্ষেত্রে তাঁদের সাফল্য অনেক বেশি বলে উল্লেখ করেন তিনি।

নীনা আহমেদ বলেন, ‘৫২ ও ’৭১ সালের রক্তাক্ত ত্যাগের মধ্য দিয়ে অর্জিত বাংলা ভাষা ও বাংলাদেশ। আত্মত্যাগের মধ্য দিয়ে অর্জিত বলেই আজ আমরা বাংলা ভাষায় কথা বলতে পারছি। বাংলাদেশি বলে পরিচয় দিতে পারছি। আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাকে উপস্থাপন করতে পারছি।’

নীনা আহমেদ আরও বলেন, যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের মূলধারায় আরও সক্রিয় হয়ে উঠতে হবে। নাগরিকত্ব গ্রহণসহ ভোটার তালিকাভুক্তি জোরদার করতে হবে। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বিভাগে দক্ষিণ  এশীয়দের আরও বেশি সম্পৃক্ত করার জন্য ওবামা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

নীনা আহমেদ জানান, দুই বছর পর পর তিনি বাংলাদেশে যান। চলতি বছরের শেষ দিকে তাঁর ঢাকা সফরের পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানে বক্তব্য দেন আন্তর্জাতিক বাংলা উত্সব এবং বই মেলার আহ্বায়ক জিয়াউদ্দিন আহমেদ, ফরিদুর রেজা সাগর, রোকেয়া হায়দার, কনসাল জেনারেল শামীম আহসান, মোস্তফা সারোয়ার, দাউদ হায়দার, নুরুন্নবী, মইনুস সুলতান প্রমুখ।