ওবামার শীর্ষ উপদেষ্টা ডোনিলন রাশিয়ায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাশিয়ার সরকারি কর্মকর্তাদের সঙ্গে মস্কোয় গতকাল সোমবার আলোচনায় অংশ নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার জাতীয় নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা টম ডোনিলন। তিনি এমন এক সময়ে এ সফর করছেন, যখন দ্বিপক্ষীয় সম্পর্কের ব্যাপারে রাশিয়া ও যুক্তরাষ্ট্র সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে কৌশলী অবস্থান নিয়েছে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভের সঙ্গে গতকাল সকালে বৈঠক করেন ডোনিলন। লাভরভ এ সময় বলেন, যুক্তরাষ্ট্র-রাশিয়া সম্পর্কের কৌশলী ধরনের জন্য ধ্বংসাত্মক কোনো ‘উসকানি’র বিপক্ষে মার্কিনরা তাঁদের জোরালো অবস্থান তুলে ধরেছেন। উভয় দেশই এখন পারস্পরিক সম্পর্কের বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। ওবামা দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর মার্কিন শীর্ষস্থানীয় কর্মকর্তাদের মধ্যে ডোনিলনই প্রথম রাশিয়া সফরে গেছেন। স্নায়ুযুদ্ধের যুগে এ দুটি দেশ দুই পরাশক্তি হিসেবে বিশ্বে প্রভাব বিস্তার করত। মানবাধিকার প্রসঙ্গে কয়েক দিন আগেও তারা পাল্টাপাল্টি অবস্থান নেয়। যুক্তরাষ্ট্র ১৮ জন রুশ নাগরিকের একটি কালোতালিকা গত শুক্রবার প্রকাশ করে। রাশিয়াও এক দিন পর এ ধরনের একটি পাল্টা তালিকা প্রকাশ করে। এএফপি।