ওবামার সঙ্গে নৈশভোজ করতে ওয়াশিংটন যাচ্ছেন সারকোজি
দেশে চারপাশে ঘিরে থাকা সমস্যাগুলো থেকে খানিকটা দূরে সরে থাকতে ওয়াশিংটন সফরে যাচ্ছেন ফরাসি প্রেসিডেন্ট নিকোলা সারকোজি। আগামীকাল মঙ্গলবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও তাঁর স্ত্রীর সঙ্গে নৈশভোজে অংশ নেবেন সারকোজি দম্পতি। বিশ্লেষকেরা বলছেন, ফরাসি-মার্কিন সম্পর্ক কিছুটা উষ্ণ করতেই সারকোজির এই সফর।সম্পূর্ণ বিপরীত দশায় রয়েছেন দুই নেতা। বারাক ওবামা গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে স্বাস্থ্যসেবা সংস্কার বিলে সই করেছেন। তাঁর শাসনামলের অন্যতম বড় সাফল্য হিসেবে ইতিমধ্যেই স্বীকৃতি পেয়েছে এ ঘটনা। অন্যদিকে ফ্রান্সে সারকোজির জনপ্রিয়তা এখন সর্বনিম্ন অবস্থানে রয়েছে। সম্প্রতি আঞ্চলিক নির্বাচনেও তাঁর দল খারাপ করেছে। ফ্রেঞ্চ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল রিলেশন্সের বিশ্লেষক ফিলিপ মুরাদ বলেছেন, ‘ওবামা এখন বিজয়ীর আসনে রয়েছেন। অন্যদিকে সারকোজির এ মুহূর্তে দেখানোর মতো কিছু নেই।’ ওয়াশিংটনে দুই নেতা বিভিন্ন আন্তর্জাতিক বিষয়ে আলোচনা করবেন। এর মধ্যে আফগানিস্তানের যুদ্ধ, অর্থনৈতিক মন্দাসহ বিভিন্ন বিষয় স্থান পাবে। একসময় সারকোজিকে বলা হতো গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে আমেরিকাপন্থী প্রেসিডেন্ট। নৈশভোজের আগে ওবামা হোয়াইট হাউসের ওভাল অফিসে সারকোজির সঙ্গে একান্তে বৈঠক করবেন। এ ব্যাপারে একজন পশ্চিমা কূটনীতিক বলেন, ‘নৈশভোজে সাধারণত ঘনিষ্ঠজনেরা একসঙ্গে খেতে বসেন। আপনি একজন গুরুত্বপূর্ণ রাষ্ট্রপ্রধানকে রাষ্ট্রীয় নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছেন, কিন্তু সেই সঙ্গে একজন বন্ধুকেও বাড়িতে ডেকেছেন।’ এএফপি।