ওবামার সফরের প্রতিবাদে ইন্দোনেশিয়ায় বিক্ষোভ
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ইন্দোনেশিয়া সফরের প্রতিবাদে গতকাল রোববার জাকার্তার কেন্দ্রস্থলে বিক্ষোভ করেছেন কট্টর ইসলামপন্থীরা।কট্টর ইসলামপন্থী গোষ্ঠী হিজবুত তাহিররের প্রায় আড়াই হাজার সমর্থক মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ দেখান। এ সময় তাঁরা ‘ওবামা ও যুক্তরাষ্ট্রবিরোধী বিভিন্ন স্লোগান দেন। বিক্ষোভকারীরা নানা ধরনের ব্যানার বহন করেন। যেগুলোতে ‘ওবামাকে প্রত্যাখ্যান করুন, পুঁজিবাদ প্রত্যাখ্যান করুন, সাম্রাজ্যবাদ প্রত্যাখ্যান করুন’ ইত্যাদি স্লোগান লেখা ছিল।গোষ্ঠীটির মুখপাত্র মুজিইয়ানতো বার্তা সংস্থা এএফপিকে বলেন, তাঁরা জোরালোভাবে ওবামার ইন্দোনেশিয়া সফরের প্রতিবাদ করছেন। তিনি বলেন, ‘ওবামা ফিলিস্তিন ও আফগানিস্তানে আমাদের মুসলমান ভাইদের হত্যাকারী। ইন্দোনেশিয়ার প্রাকৃতিক সম্পদের চোর। তিনি একজন সাম্রাজ্যবাদী, যিনি বিশ্বের নিয়ন্ত্রণ নিতে চান। যুক্তরাষ্ট্রের স্বার্থের জন্য তিনি যেকোনো কিছু করতে পারেন।’পূর্ব জাভার সুরাবায়া ও মাকাসসারসহ অন্যান্য কয়েকটি শহরেও গতকাল এ ধরনের বিক্ষোভ হয়েছে।১৮ জাতির পূর্ব এশীয় শীর্ষ সম্মেলনে যোগ দিতে এ সপ্তাহের শেষের দিকে ওবামার ইন্দোনেশিয়া সফরে যাওয়ার কথা। এএফপি।